আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাঁধা

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় ফাঁসিয়াখালী সরকারী প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল (সীমানা প্রাচীর) নির্মাণ কাজে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় নাছির গং এর বিরুদ্ধে।

গত শনিবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় দুর্বৃত্তরা নির্মাণাধীন বাউন্ডারী ওয়াল ভাংচুর করে বিলীন করে দেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী সবজীবন পাড়া এলাকায়।

অভিযোগ উঠেছে সরকারী প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন কাজে গত ২৩ জুলাই সন্ধ্যা ৭টায় স্থানীয় মৃত আমির হামজার ছেলে নাছিরের নেতৃত্বে শফিকুল ইসলামের দুই-ছেলে ও মহিলা মাদ্রাসার শিক্ষক মৌলভী জামাল হোছাইন, হারুনর রশিদ, রশিদ আহমদের ছেলে ভুট্রোসহ ৮/১০ জন লোক সীমানা প্রাচীর নির্মাণ সামগ্রী ভাংচুর করে এবং কিছু নির্মাণ সামগ্রী নিয়ে যায়।

স্কুলের প্রধান শিক্ষিকা পারভিন বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের অগোচরে রাতের আধারে নাছির উদ্দিন গং ইসলাম নুর ও নেজাম উদ্দিন নামের দুই সার্ভেয়ার নিয়ে পরিমাপ করার নামে রাতের আধারে স্কুলের বিভিন্ন জায়গায় খুটি পুতে দেন৷ তিনি আরো বলেন, নাছির গং এর এমন জঘন্য কাজে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বাঁধাগ্রস্ত হচ্ছে ।

তিনি আরো বলেন, সীমানা প্রাচীর না থাকায় স্কুল চলাকালীন সময়ে বহিরাগতের প্রবেশের কারনে স্কুলের ছাত্রছাত্রীরা পড়ালেখায় সমস্যার সম্মুখীন হচ্ছে এবং স্কুলের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।

এ নিয়ে একাধিক বার স্কুল কতৃপক্ষ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের কিছু জমি স্থানীয় নাছির উদ্দিন গং এর দখলে রয়েছে। বিগত কয়েক বছর আগে ওই জমি উদ্ধার করতে চাইলে নাছির গং মিথ্যা মামলা করে হয়রানি করে যাচ্ছে ৷

তারা যেনতেনভাবে বিদ্যালয়ের জায়গাটি দখল পাকাপোক্ত করতে চায় বলে জানা গেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মামুনুর রশীদ বলেন, মুলত বাউন্ডারি নির্মাণ করার সময় পাশে রাস্তা তৈরির কথা বলেছিল মৃত মৌলভী নুর কবির।

এসময় তাদের চলাচলের জন্য রাস্তা নির্মাণে বরাদ্দ দেন উপজেলা ও ইউনিয়ন পরিষদ৷ বরাদ্ধ দেয়ার পর যথারীতি রাস্তা নির্মিত হওয়ায় নুর কবির পরিবার আর কোন অভিযোগ করেননি৷

এরপরেও স্কুলের সীমানা প্রাচীর নির্মাণের সময় নাছির উদ্দিনের পুকুরের ৬ শতক জায়গা বাদ দিয়ে ওয়াল নির্মাণ করতে চাইলেও নাছির উদ্দিন গং কাজে বাধা দিচ্ছেন এমনকি আমাদেরকে হামলা চেষ্টা চালান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি দাতা সদস্য মনির উদ্দিন শাকিল সিকদার বলেন, দীর্ঘ তিন বছর পূর্ব থেকে বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণের কাজ শুরু হয়।

সামান্য কিছু জায়গায় বাউন্ডারি দিতে পারলেও পশ্চিম পার্শ্বে নির্মাণ করতে চাইলে বাধা আসে। আমি খবরটি শুনে স্কুলে পৌছালে দেখি নাছির গং মালামাল ভাংচুর করে স্কুলের লাগানো লাগানো পিলার ভেঙে ফেলে দেন। আমি প্রতিবাদ করলে স্থানীয় সাদ্দামসহ আরো কয়েকজন মিলে আমাকে হামলা চেষ্টা করে।

এ সময় স্থানীয়রা এসে তাদের নিভৃত করে। শুনেছি নাছির গং আদালতে মামলা করেছে কিন্ত আদালতে মামলা চলমানকালে কাজের বিষয়ে কোন নিষেধাজ্ঞা নাই৷ বিগত তিন বছর ধরে স্কুলের কাজে বাধা দিয়ে আসছেন নাছির গং।

সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিন মিয়া বলেন,সাকিল সিকদার ও মামুনকে লোহার রড নিয়ে হামলা চালাতে চেয়েছিল সাদ্দাম। সাদ্দামের কাছ থেকে আমি লোহার রড ছিনিয়ে নিই। নাছির ও মৌলভী জামালের নেতৃত্বে সীমানা প্রাচীরের জিনিস পত্র ভাংচুর করতে দেখি।

কাজের কার্যাদেশ পাওয়া ঠিকাদার রেজাউল করিম মুন্না বলেন, কাজ করতে গেলেই বাধা আসে। আজ তিন বছর ধরে কাজ করতে পারছিনা ইতিমধ্যে আমার কাজের জন্য মজুদকৃত ২টন লোহার রড, ৮ হাজার ইট ও ১ গাড়ি কংক্রীট লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা ।

বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম-দফতরী আজিজুর রহমান বলেন, স্থানীয় হারুনর রশীদ প্রতিনিয়ত শিক্ষার্থী ও প্রধান শিক্ষিকাকে গালমন্দ করেন। তার ভয়ে স্কুলে যেতে পারেন না প্রধান শিক্ষিকা।

এদিকে স্কুলে বাউন্ডারী ওয়াল না থাকায় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্ধকৃত খেলনা তারা ব্যবহার করতে পারছেন না বলে জানান স্কুলের আরেক শিক্ষিকা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ