কে এম নজরুল ইসলাম :
‘আমার মা আমার ভালোবাসা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০০৩ সাল থেকে আজাদ প্রোডাক্টস রত্নগর্ভা মায়েদের সম্মাননা জানিয়ে আসছেন।
এবছরও বিশ্ব মা দিবস উপলক্ষে সন্তানদের যুগোপযোগী হিসেবে গড়ে তোলার নিপুণ কারিগরের স্বীকৃতিস্বরূপ আজাদ প্রোডাক্টস ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার বাসিন্দা রওশন আরা।
তিনি উপজেলার বড়ালী গ্রামের বিডিআরের (বিজিবি) সাবেক হিসাবরক্ষক মৃত মো. আবুল হোসেনের সহধর্মিনী ও ৫ সন্তানের গর্বিত জননী।
রবিবার (১৪ মে) ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন ও বিশেষ ক্যাটাগরিতে প্রাপ্ত ১১ জন রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সাধারণ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়া রত্নগর্ভা মা একজন আদর্শ গৃহিণী রওশন আরা অষ্টম শ্রেণীতে পড়াকালীন ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী গ্রামের মো. কলি মিয়াজী ও অজুফা খাতুন দম্পতির ছোটছেলে বিডিআরের সাবেক হিসাবরক্ষক মো. আবুল হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে অদম্যস্পৃহা থাকা সত্ত্বেও লেখাপড়ায় ইতি টানতে বাধ্য হন মেধাবী এই কিশোরী মা। তিনি তখন থেকেই স্বপ্ন দেখতেন নিজের সন্তানদের লেখাপড়া শিখিয়ে দেশ ও জাতির জন্য অবদান রাখবেন।
সীমিত আয়ের যৌথ সংসারে শ্বশুর-শাশুড়ির সবকিছু সামলানোর পরও পরম মমতায় সন্তানদের বড় করে তুলেছেন তিনি। তিনি ন্যায়নিষ্ঠা ও সততার সাথে কখনও আপোষ করেননি।
ব্যক্তিজীবনে মিসেস রওশন আরা ৫ সন্তানের জননী। প্রত্যেকেই উচ্চশিক্ষায় শিক্ষালাভ করে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বশীল পদে আসীন হয়ে সফলতার স্বাক্ষর রেখে আসছেন।
তাঁর বড়ছেলে মো. রফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, এমএসসি সম্পন্ন করেছেন। ভূগোল ও পরিবেশবিদ্যা নিয়ে লেখাপড়া শেষে একজন পরিবেশবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ হিসেবে সুনাম অর্জন করেছেন।
বর্তমানে তিনি বিশ্বের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান আমাজন লজিসটিকস, জার্মানিতে কর্মরত আছেন। দ্বিতীয় সন্তান শামছুন্নাহার কর্মরত রয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, এমএসসি, এমপিএস (মাস্টার্স অফ পুলিশ সায়েন্স) সম্পন্ন করেছেন। ৩৩ বিসিএস-এর একজন কর্মকর্তা তিনি। সম্প্রতি জাতিসংঘ মিশনে বিশেষ অবদান রাখেন শামছুন্নাহার।
তৃতীয় সন্তান মো. শফিকুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিএসসি, এমএসসি সম্পন্ন করেছেন। এরপর পুনরায় এমএসসি এবং পিএইচডি করেছেন জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয় থেকে।
তার পিএইচডির গবেষণার বিষয় জিনোম সিকোয়েন্সিং। বর্তমানে বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী প্রতিষ্ঠান জার্মানির মাক্স প্লাঙ্ক ইন্সটিটিউটের সিনিয়র বিজ্ঞানী হিসাবে কর্মরত। পাশাপাশি সিইও হিসেবে আছেন ওয়াইল্ডমেন্টর বাংলাদেশ প্রতিষ্ঠানে। চতুর্থ সন্তান নুরজাহান বেগম, বিএ, এমএ সম্পন্ন করার পর উদ্যোক্তা হয়েছেন।
ভূঁইয়া এন্টারপ্রাইজের পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন। এটি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া বিভিন্ন নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত আছেন। পঞ্চম সন্তান মো. জহিরুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।
তিনি ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে প্রেষণে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে এমডি (কার্ডিওলজি) কোর্সে আছেন। এছাড়া তিনি এফসিপিএস (মেডিসিন)-এর শেষপর্বে আছেন ও এমআরসিপি (লন্ডন)-এর দুইটি পর্ব সম্পন্ন করেছেন।
স্বামী প্রয়াত মো. আবুল হোসেন বাংলাদেশ বাংলাদেশ বিডিআর বাহিনীর হিসাবরক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন। কর্মজীবনে সৎ মানুষ হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি।
রওশন আরা-আবুল হোসেন দম্পতি সন্তানদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে আজীবন নিরলস পরিশ্রম করেছেন।
নিজেদের মা রত্নগর্ভা পুরস্কারে ভূষিত হয়েছেন বলে মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আত্মীয়-স্বজন প্রতিবেশী ও দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন সন্তানগণ।