ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভাধীন ১শ ১০ একর জমি নিয়ে গঠিত মিরপুর চর ইজারা সঠিক প্রক্রিয়ায় সম্পন্ন না হওয়ায় কৃষকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
বহিরাগতদের সহযোগিতায় একটি পক্ষ চরের নিয়ন্ত্রণ রাখতে উঠেপড়ে লেগেছে। এতে করে চরের প্রকৃত জমির মালিক ও কৃষক প্রায় ৫ শত জনতা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার আশংকা প্রকাশ করেছেন। এ নিয়ে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।
পৌর মেয়রকে অবমাননা করা হয়েছে উল্লেখ করে জাকির হোসেন বেপারী নামে জনৈক ব্যক্তি থানায় একটি অভিযোগ দিয়ে বিষয়টি ঘোলাটে করেছে বলে জানিয়েছেন ক্ষুব্ধ কৃষকরা। ওই চর নিয়ে ক্ষুব্ধ কৃষকরা বলছেন চরে এক ইঞ্চিও জায়গা নেই যাদের, সেই অসাধু চক্রটি তাদের নিয়ন্ত্রণে চর নিতে হা করে বসে আছে।
এদিকে চরের নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষের সৃষ্ট বিরোধ মীমাংসার কথা বলে পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এক বছরের জন্য মেয়াদ দেখিয়ে ১৫ ফেব্রুয়ারি ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেছেন।
অপরদিকে এই কমিটি স্বঘোষিত ভুয়া কমিটি আখ্যা দিয়ে চরের কৃষকরা তার প্রত্যাখ্যান করেছেন।
গত কয়েকদিনে ওই চরের ইজারাদারের বিষয়টি চূড়ান্ত না হওয়ার ক্ষুব্ধ হয়ে ৫ জনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে জনৈক জাকির হোসেন বেপারী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের মিরপুর গ্রামে প্রায় ১শ ১০ একর জমি নিয়ে মিরপুর চরটি গঠিত। এই চরের জমির মালিক প্রায় ৫ শতাধিক কৃষক। চরটি নিচু জমি ও একফসলি হওয়ায় দীর্ঘদিন যাবত চরের মালিকরা মৎস্যচাষীদের কাছে ইজারা দিয়ে আসছে।
নিয়ম রয়েছে, ইজারাদারদের চরের জমির মালিকানা থাকাটা বাধ্যতামূলক। ইজারাদারদের চর পরিচালনার জন্য কার্যকরী কমিটি থাকাও বাঞ্ছনীয়। ওই কমিটি মৌসুমে এক সনা বা এক বছরের জন্য মৎস্যচাষীদের কাছে ইজারা দেওয়া হয়।
গত বছরের ৩০ ডিসেম্বর ইজারার মেয়াদকাল শেষ হওয়ার পূর্বে পরিচালনা কমিটি করতে উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি সভা ডেকে বিগত দিনের হিসাব-নিকাষ উপস্থাপন করা হয়।
তারপর জমির মালিকদের উপস্থিতিতে তাদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে চর ইজারা ও পরিচালনার জন্য একটি কার্যকরী কমিটি গঠন করতে গেলে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের বাধার সম্মুখীনে বন্ধ হয় ইজারা প্রক্রিয়া।
একপর্যায়ে জাকির হোসেন বেপারী পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী হস্তক্ষেপ চেয়ে তার কাছে একটি অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে চরের জমির মালিকদের পৌরসভায় ডাকেন মেয়র।
এরপর সরেজমিনে গিয়ে মেয়র স্থানীয় মিরপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমির মালিকদেরকে নিয়ে সভার আয়োজন করেন।
সে সভায় পূর্বের কমিটিকে তিনদিনের মধ্যে চরের জমির প্রকৃত মালিকদের তালিকা করে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। তালিকা জমা দেওয়ার পর পুনরায় সরেজমিনে গিয়ে কমিটি গঠন করার প্রতিশ্রুতি দিলেও তা না করে মেয়র নিজেকে কমিটির সভাপতি ও ইব্রাহিম খলিলকে সম্পাদক করে এক বছরের মেয়াদ উল্লেখ করে ১৯ সদস্য বিশিষ্ট একটি চর পরিচালনা কমিটি ঘোষণা করেন।
মেয়রকে সভাপতি করে দেওয়া কমিটি সর্বসম্মতিতে করা হয়েছে বলে দাবি করা হলেও কামাল মিজি উক্ত কমিটিকে ভুয়া কমিটি হিসেবে আখ্যায়িত করে বলেন, ৫শ কৃষকের মধ্যে কোন কৃষক মেয়রের কমিটির পক্ষে স্বাক্ষর দিয়েছে তা দেখাতে বলুন।
মেয়রের দেওয়া কমিটিকে স্বঘোষিত ও ভুয়া আখ্যায়িত করে ওই চরের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেছেন, চরের জমির মালিকদের পক্ষ থেকে কোনো কমিটি না হলে কেউই স্বঘোষিত কমিটি মেনে নেবে না।
কিন্তু চরের প্রকৃত মালিকদের কথা আমলে না নিয়ে মেয়র গত ৫ মার্চ রোববার মাইকিং করে এবং পরদিন সোমবার উক্ত চর ইজারা দেওয়ার ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী মেয়র চর এলাকায় ইজারা দেওয়ার জন্য গেলে সেখানে প্রকৃত চর মালিকদের সাড়া না পেয়ে তিনি ইজারা প্রক্রিয়া বন্ধ করে চলে আসেন।
চরের জমির মালিক ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোশারফ হোসেন রুনু বলেন, চরের প্রকৃত জমির মালিকরা যেন চর ইজারা দিয়ে তাদের ন্যায্য পাওনা বুঝে পায় এটিই আমাদের দাবি। পাশাপাশি জমির মালিক ছাড়া অন্য কেউ চর পরিচালনা কমিটিতে অর্ন্তভুক্ত হতে পারবে না।
থানায় অভিযোগকারী জাকির হোসেন বেপারী তার অভিযোগে উল্লেখ করেছেন যে, বিবাদী ৫ জন তাদের মর্জিমতো দিন ধার্য করে চর ইজারা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যাহাতে মেয়র মহোদয়কে অবমাননা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে পৌরসভার মেয়র সাংবাদিকদের জানান, চর ইজারা ও কমিটি নিয়ে গ্রুপিং ও নানা জটিলতার কারণে একটি পক্ষ আমাকে সভাপতি করে চর পরিচালনা কমিটি করে। আমি চাই চর ইজারা প্রক্রিয়া শেষ করে এই দায়িত্ব প্রকৃত মালিকের কাছে ছেড়ে দেবো।