ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
আবু সুফিয়ান একজন শিক্ষানবিশ দলিল লেখক। সবেমাত্র দলিল লেখায় হাতেখড়ি হচ্ছে তার। কিন্তু শুরুতেই নিয়ে নিলেন প্রতারণায় আশ্রয়। পরিচিতজনদের দলিল করে দিচ্ছেন অন্যের লাইসেন্স ব্যবহার করে।
এরমধ্যে ইব্রাহীম নামে এক ব্যক্তির দলিল করে দিবেন বলে নিয়েছেন ২৫ হাজার টাকা। জমি বিক্রেতাদের কাগজপত্রের ত্রুটির কারণে দলিল সৃজন করা হয়নি।
সে কারণে ১৫ হাজার টাকা ফেরত দিলেও বাকি ১০ হাজার টাকা ভূমি উন্নয়ন করের (দাখিলা) টাকা পরিশোধের জন্য রেখে দেন।
কিন্তু ভূমি উন্নয়ন কর পরিশোধ না করেই পরিশোধিত রশিদ কম্পিউটারে স্ক্যানিং করে তা বুঝিয়ে দেন ভুক্তভোগী ইব্রাহীম নামের ওই ব্যক্তিকে। এতেই ঘটে বিপত্তি।
জানা যায়, ভুক্তভোগী ইব্রাহীম দলিল সৃজন করতে না পেরে আদালতে লিখিত অভিযোগ করেন।
আদালতে কাগজপত্র উপস্থাপন করলে আদালত ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ চাইলে আবু সুফিয়ানের দেওয়া ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জমা দিলে সেটাতে ত্রুটি দেখে ফিরিয়ে দেন।
২ মার্চ বৃহস্পতিবার দুপরে ইব্রাহীম ওই দাখিলার রশিদ নিয়ে পৌর ভূমি অফিসে আসেন; কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে না পেয়ে উপজেলা সহকারী কমিশনারের কাছে কাছে যান।
সহকারী কমিশনার তা অনলাইনে চেক করে দেখেন রশিদটি সঠিক নয়। এ কথা শুনে ইব্রাহীম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আবু সুফিয়ান সম্পর্কে সকল কিছু জেনে কৌশলে তাকে অফিসে ডেকে আনেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার ভ্রাম্যমাণ আদালতে সুফিয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় জালিয়াতির অপরাধে তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জরিমানাকৃত টাকা পরিশোধের পর মোবাইল ও ল্যাপটপ ফেরত দেওয়া হয়।
জরিমানাকৃত ৫০ হাজার টাকার মধ্যে ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় এবং বাকি ১০ হাজার টাকা দিয়ে ইব্রাহীমের ভূমি উন্নয়ন করের টাকা পরিশোধ করা হয়।
এ বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি হাসান রেজা পাটওয়ারী জানান, আবু সুফিয়ান আমার কাছে মাঝে মাঝে কিছু দলিল নিয়ে এসে সৃজন করে নিতো। সে এইরকম প্রতারণা করেছে, তা আমার জানা নেই।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার জানান, প্রতারণার দায়ে আবু সুফিয়ান নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। প্রতারকের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।