ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
ভ্রমণ মানুষের মনকে করি পরিশুদ্ধ, জ্ঞানকে করে সমৃদ্ধ। আর দলবেঁধে ছুটে বেড়ানোর মধ্যে থাকে আরও ভীষণ উন্মাদনা ও আনন্দ।
ভ্রমণের এই উন্মাদনাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় বাংলাদেশের অন্যতম সাহিত্য সংগঠন চাঁদপুরের ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম’ এবছরও আয়োজন করেছিল বার্ষিক আনন্দ ভ্রমণের।
ফরিদগঞ্জ লেখক ফোরামের এবারের ভ্রমণের স্থান ছিল বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অন্যতম নিদর্শন নারায়ণগঞ্জের লোকশিল্প যাদুগর সোনারগাঁও ও পানাম নগর। না, সোনারগাঁওয়ে সোনার রহস্য উদঘাটন করতে যায়নি তারা।
গিয়েছিল সোনার হরফে লেখা ইতিহাসকে নিজ চোখে অবলোকন করতে এবং জানতে। ভ্রমণের মাধ্যমে কবির কবিতা হয়ে ওঠে মসৃণ, কবিতার লাইনগুলো খুঁজে পায় ছন্দ।
লেখক ফোরাম সাহিত্য সংগঠন হলেও সাহিত্যকে আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরতে সমাজের সকল ক্ষেত্রেই এখন ভূমিকা পালন করে যাচ্ছে।
২৪ ডিসেম্বর হয়ে গেল ফরিদগঞ্জ লেখক ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২২। ভ্রমণের আহ্বায়ক ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ ও সদস্য সচিব রাবেয়া আক্তারের অক্লান্ত পরিশ্রমে এবারের ভ্রমণটি সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সম্পন্ন হয়।
ভোর থেকেই লেখক ফোরাম কার্যালয়ে ভ্রমণের উদ্দেশ্যে একত্রিত হতে থাকে সকলে। তারপর আনুমানিক সাড়ে ৭টায় সোনারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় ফরিদগঞ্জ লেখক ফোরামের পূর্ব নির্ধারিত
বোগদাদ বাস। যাত্রার শুরুতে সকল পর্যটকের জন্য নির্ধারিত উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো টি-শার্ট, প্যাড, কলম।
ভ্রমণের মূল আনন্দ স্বাভাবিকভাবে যে স্থানে যাওয়া হয় সেটাকে কেন্দ্র করেই হয়ে থাকে। কিন্তু বরাবরের মতো এবারও লেখক ফোরামের মূল আনন্দ হয়েছে গাড়িতেই, বিশেষ করে ফেরার সময়।
উপস্থিত সকলে মনের আনন্দে যে যার মতো করে নাচ, গান, কবিতা উপস্থাপন করেছে। যাওয়ার পথে সুন্দর একটি স্থান দেখে বাস থামিয়ে সকালের নাস্তা পর্ব শেষ করা হলো। নাস্তা সেরে সবাই যার যার আসনে গিয়ে বসলো।
তারপর আবারও গাড়িটি ছুটতে লাগল সোনারগাঁয়ের উদ্দেশ্যে। সোনারগাঁও যাদুঘরে প্রবেশ করে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে। যাদুঘরকে কেন্দ্র করে বাহিরের অংশের পরিপাটি পরিবেশ যে কাউকেই মুগ্ধ করবে। বিস্তৃর্ণ অংশ জুড়ে রয়েছে ফুলের বাগান।
রয়েছে জাতির পিতার ভাস্কার্য, গরুর গাড়ির ভাস্কর্য, তোরন, লেক, লাইব্রেরি। মূল ভবনে প্রবেশের পর বাংলার পুরনো সব শিল্পকর্ম দেখে তরুণরা যেমন অতীত সম্পর্কে জানে তেমনি মোস্তফা কামাল মুকুলের মতো প্রবীণরা হারিয়ে যান অতীতে।
বর্তমান প্রজন্ম আধুনিকতার ছোঁয়ায় ভুলে গেছে অতীতকে। নারীরা এখন আর নকশিকাঁথা তৈরি করে না। আগেরকার দিনে নবাবদের ব্যবহার করা জিনিস দেখার মধ্যে বাংলাকে জানা যায়। অথচ জ্ঞান আর শিল্পকর্ম রেখে আজ আমরা ব্যস্ত শুধুই আধুনিক বিনোদনে।
সোনারগাঁওয়ে দারুণ সময় কাটানোর পর মধ্যাহ্নভোজ গ্রহণ করা হয় স্থানীয় একটি রেস্টুরেন্টে। তারপর যাওয়া হয় ঐতিহাসিক পানাম নগরে। যেটি আমাদের প্রাচীন নদীবন্দর ও সুবর্ণগ্রাম।
একটি সড়কের দুই পাশে মোট ৫২টি ভবন নিয়ে পানাম নগর। সেই নগরে পা রেখে লেখক ফোরাম প্রাচীন বাংলার রাজত্বের নিদর্শনে বিমোহিত হয়। সংগঠনের সদস্যরা তখন যেন স্বপ্নের দেশে চলে যায়।
সকলে যে যার মতো স্মৃতিতে মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়ে। পরবর্তীতে বিকাল ৫টায় পানাম নগর সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ করে দেয়ার আগে সংগঠনের সকল সদস্য পানাম নগরেই স্মৃতির ফ্রেমে বন্দী হয়।
তারপর পুরোদিন উপভোগের পর নেমে আসে সন্ধ্যা। এবার বাড়ি ফেরার পালা। সকলে আবারও বাড়ি ফেরার জন্য রিজার্ভ বাসটিতে উঠে পড়ে। ফেরার সময়টা ছিল আরও রোমাঞ্চকর। নাচ, গান, কবিতায় বিমোহিত ছিল সকলে।
ভ্রমণে উপস্থিত তরুণ রাজনীতিবিদ ও সমাজেসেবক আকবর হোসেন মনির এবং অ্যাডভোকেট মাহবুব আলম এবং প্রবীণ সাহিত্যিক মোস্তফা কামাল মুকুলের গান, কবিতায় সকলে খোলস ছেড়ে মেতে ওঠে উল্লাসে।
সাংবাদিক এসএম ইকবাল, শিমুল হাসান এবং আব্দুস সালামও এদিন নিজেদের প্রথাগত খোলস থেকে বেরিয়ে এসে ভ্রমণকে স্মৃতিময় করে তোলে।
ভ্রমণে ঢাকা থেকে অংশগ্রহণ করেন ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক মো. বিল্লাল হোসেন সাগর, সংগঠনের সিনিয়র সদস্য সাংবাদিক ফরিদ আহমেদ মুন্না ও নবীন সদস্য তানজিল হৃদয়। প্রায় ৫০ জনের বিশাল বহর নিয়ে এটাই ছিল সংগঠনের সবচেয়ে ব্যয়বহুল এবং বড় ভ্রমণ।
সকলের সুশৃঙ্খল সহযোগিতার জন্য ভ্রমণ কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা বলেন, এভাবে যদি ভবিষ্যতেও সবাই সহযোগিতা করে, তবে ইনশাআল্লাহ আগামীতে ২/৩ দিনের জন্য ট্যুর দেওয়া সম্ভব হবে।
ভ্রমণকে আরও উপভোগ্য করার জন্য আয়োজন করা হয় সোনারগাঁও যাদুঘর এবং পানাম নগর নিয়ে উপস্থিত জবাবের ভিত্তিতে কুইজ প্রতিযোগিতা।
কুইজ প্রতিযোগিতায় ৬জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ভ্রমণ কমিটির নেতৃবৃন্দ। ভ্রমণকে আকর্ষণীয় করতে র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয় এবং ট্যুরে অভিভাবকদের সঙ্গে যাওয়া ছোটদেরকে দেওয়া হয় বিশেষ উপহার।
আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কখন যে সময় ফুরিয়ে গেল টেরই পেলো না কেউ। রাত দশটায় বাড়ি ফেরা। সুন্দর দিনের স্মৃতি নিয়ে শান্তির রাত সকলের।
লেখক ফোরামের ভ্রমণ মানেই ভিন্নরকম কিছু- এবারও তার ব্যতিক্রম হয়নি। সাহিত্য-সংস্কৃতির বৈতরণী বেয়ে ফরিদগঞ্জ লেখক ফোরাম পুরো সমাজের দর্পন হয়ে উঠতে পেরেছে।