সাভার প্রতিনিধি :
শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মেদ ভুঁইয়াকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ এনামুল মুন্সি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মেদ ভুঁইয়া বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে।
তাই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রীবৃন্দের মৌখিক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের পরামর্শে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা মোতাবেক তাকে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংঘঠনিক সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয়।
এদিকে, সুমন আহম্মেদ ভুঁইয়া মঙ্গলবার বিকেল ৩টার দিকে জামগড়াস্থ তার বাস ভবনে এক সাংবাদিক সম্মেলনে জানান, গেল ১০ ডিসেম্বর অব্যাহতি চেয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বরাবর লিখিত আবেদন করেন।
অবব্যাহতির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তার পিতার মৃত্যু পর তিনি শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত। ফলে বর্তমানে দলীয় কার্যক্রম পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং যত দিন বেঁচে থাকবেন ততদিন হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করবেন বলেও জানান।