আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবীতে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে সদ্য উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা নিয়ে লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর কমিটির সভাপতি সাইদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে পদবঞ্চিত নেতারা ঝাড়ু মিছিল করেছে।

শনিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে এসব অভিযোগ জানান পদবঞ্চিতরা।

পরে ধামরাই সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলন করেও নানা অভিযোগ তুলে ধরেন নেতারা।

ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা কমিটির সভাপতিপ্রার্থী হাবিবুর রহমান খান হাবিবের অভিযোগ, তাকে নেতা বানানোর জন্য ৪ লাখ টাকা নিয়েছেন জেলা সভাপতি।

এছাড়া কমিটি পেতে আরও ছয় লাখ টাকা চেয়েছিলেন তিনি। নতুন কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে সে বয়স্ক ও সাবেক ছাত্রদল কর্মী হওয়া সত্বেও ১৫ লাখ টাকার বিনিময়ে এ কমিটি বাগিয়ে নেয়।

তিনি বলেন, আগামী ১৪ নভেম্বর ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে কেন্দ্রীয় কমিটি। সেজন্য তাড়াহুড়া করে টাকার বিনিময়ে পকেট কমিটি করেছে। যার সভাপতি চিন্হিত সন্ত্রাসী ও ছাত্রদল নেতা।

তিনি অভিযোগ করে বলেন, সাইদুল ইসলাম আমার কাছ থেকে চার লাখ টাকা নিয়েছে আরও ১৫ দিন আগে। মোট চেয়েছে ১০ লাখ টাকা। আমি বললাম আমি রাজনীতি করি, ছাত্র মানুষ। এতো টাকা কীভাবে দিবো?

তিনি আমাকে বলছেন, ‘আমার কাছে ১৫ লাখ টাকার অফার আছে। ১৫ লাখ টাকা নিয়ে বাসায় বসে আছে। তুমি আর ৯ লাখ টাকা না দিলে ওদের কমিটি দিয়ে দিবো। আমার চার লাখ টাকা এখনও ফেরত দেয়নি। গতকালও চেয়েছি। সে বলেছে দেবে না।

গণতান্ত্রিকভাবে কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে কমিটি বাতিল না করা হলে আমরা কঠোর আন্দোলনে নামবো।

নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পদায়িত হওয়া মাহবুবকে মোটরসাইকেল চোর আখ্যা দিয়ে সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল বলেন, সে চিহ্নিত মোটরসাইকেল চোর।

তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে নেতা বানানো হয়েছে। এছাড়া জামিলের বয়স ৩৩ বছর, সে বিবাহিত। আমরা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি ও নতুন কমিটি করার আহ্বান জানাই।

এসব বিষয়ে জানতে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন করলেও তারা মুঠোফোন রিসিভ করে নাই তাই তাদের বক্তব্য দেওয়া যায় নাই।

ধামরাই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি জামিল হোসেনকে ফোন করলে তিনি বলেন, যারা এসব করেছে তারা পদপ্রার্থী ছিল।

কিন্তু সবাই তো পদে আসবে না। তারাই অযথা ভিত্তিহীন কথা ছড়াচ্ছে। পদ না পেয়ে তারা বেপরোয়া হয়ে উঠেছে।

উপজেলা ছাত্রলীগের সূত্র জানায়, ধামরাইয়ে ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ১৯৯৮ সালে। সেই কমিটি ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে।

এরপর ২০১১ সালে লায়ন পারভেজকে আহ্বায়ক ও সারোয়ার মাহবুব তুষারকে যুগ্ম আহ্বায়ক করে উপজেলা ছাত্রলীগের তিন মাসের জন্য স্বঘোষিত কমিটি দেওয়া হলেও ওই কমিটি পূর্ণাঙ্গ হয়নি।

এরপর ২০১৮ সালের ২৩ মে মিদুল মাহমুদ সাদ্দামকে আহ্বায়ক ও রবিউল আওয়াল রুবেলকে যুগ্ম আহ্বায়ক করে ১২ সদস্যের উপজেলার আহ্বায়ক কমিটি দেওয়া হয়।

২০১৯ সালের ৪ অক্টোবর আহ্বায়কের মৃত্যু ও ২০২১ সালের ২৭ মে সংগঠনের যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে আরেক নেতাকে মারধরের অভিযোগ উঠলে ওই কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই আবারও কমিটিহীন হয়ে পড়ে ধামরাই উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার ঘোষিত নতুন কমিটির মাধ্যমে ২২ বছর পর আবারো কমিটি পেলো উপজেলা ছাত্রলীগ। এতে সভাপতি হয়েছেন জামিল হোসেন ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মাহাবুব রহমানকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ