মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া ব্রিজের ঢালে মোঃ জালাল শেখের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. শরীফ (৪৫)। তার বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার হারুকান্দি গ্রামে।
বোয়ালমারী ফায়ার সার্ভিস এবং থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে ফরিদপুর থেকে মোটরসাইকেলযোগে বোয়ালমারী আসছিলেন মো. শরীফ।
মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ব্রিজের ঢালে জনৈক মোঃ জালাল শেখের বাড়ির সামনে পাকা রাস্তার উপরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বোয়ালমারী হতে ফরিদপুর গামী বিলাশ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক মো. শরীফ ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত অজ্ঞাত মোটরসাইকেল আরোহীকে সাথে সাথে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটির ড্রাইভার এবং হেলপার দুজনই পলাতক।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল সাত্তার হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।