দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় মার্কেট নির্মাণকে কেন্দ্র করে থানায় একপক্ষের মামলা দায়ের করা হয়েছে।
দায়েরকৃত মামলায় পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৩ জনকে আসামী করা হয়েছে।
মামলায় মার্কেট নির্মাণকারী প্রতিষ্টানের স্বত্তাধিকারী সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান ও সাতকানিয়া উত্তর যুবলীগের সভাপতি ওসমান আলীকে আসামী করা হয়।
চাঁদাবাজীর ধারায় রুজু করা ঐ মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ৩ সহোদরসহ নির্মাতা প্রতিষ্টান অমিম শপিং সেন্টারে বিনোয়োগকারী ৪ জন ব্যবসায়ীকেও আসামী করে।
এ দিকে মার্কেট নির্মাণ করতে গিয়ে নির্মাতা প্রতিষ্টানের এমডিসহ বিনোয়োগকারী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নিরাপরাধ ব্যক্তিদের মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
অমিম শপিং সেন্টার নির্মাতা প্রতিষ্টান ওই সংবাদ সম্মেলনের আয়োজক ছিলেন।
মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৮ টার দিকে পেকুয়া কলেজ গেইট চৌমুহনীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
এ সময় পেকুয়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন অমিম শপিং সেন্টারের পরিচালক ও পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম,
অমিম বিল্ডার্সের চেয়ারম্যান সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাতকানিয়া (উত্তর) যুবলীগের সভাপতি ওসমান আলী, ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস বাবুল, পরিচালক আবুল বশর প্রমুখ।
এ সময় পেকুয়ায় কর্মরত সংবাদ কর্মীদের উপস্থিতিতে অমিম বিল্ডার্সের মালিকপক্ষ জানান, আমরা সারা দেশে নির্মাণ খাতে বিনিয়োগ করি। পেকুয়ায় এসেছি ব্যবসায়ীক উদ্দেশ্য নিয়ে।
এখানে আমরা কারো প্রতিপক্ষ নই। সরকারকে রাজস্ব দিয়ে সরকারী নীতিমালার আলোকে আমরা অমিম বিল্ডার্সের অনুকুলে বিনিয়োগ করে থাকি।
পেকুয়া বাজারে আমরা অমিম শপিং সেন্টার নির্মাণের কাজ বাস্তবায়ন করছি। এর আগে আমরা একই স্থানে একটি বহুতল ভবন নির্মাণকাজ বাস্তবায়ন করেছি। পেকুয়া বাজারে আমরা দ্বিতীয় পর্যায়ে আরেকটি মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি।
২৪.৭১ শতক জায়গা আমরা বৈধ মালিক ও ভোগ দখলীয় পক্ষ থেকে খরিদ করেছি। যার পৃথক দলিল নং ১৭০৫, ১২১৪, ১৪৩, ১৪২, ১৪০, ১২১৩, ১৭০০, ১২১২, ১৪১। বিএস খতিয়ান নং ৭৯২, বিএস দাগ নং ৪৬৩১, যার সৃজিত বিএস খতিয়ান নং ১৪৩৯, বাট্টা দাগ নং ১২৭৩৯।
মিয়াজান, মিজানুর রহমান কালু, শাহেদ, আবু ছালেক গং, আবদুল কাদের গং, ইয়াকুব আলী ও রেজাউল করিম গংদের কাছ থেকে জমি খরিদ করা হয়। তারা জায়গার বৈধ মালিক। ভোগ দখলে থেকে ওই জমি অমিম বিল্ডার্সের অনুকুলে বিক্রি করে।
জায়গা নিয়ে জাকের আহমদের পুত্র আবদু রাজ্জাক গং ও মিয়াজান গংদের মধ্যে মামলা মোকদ্দমা হয়েছে। আবদু রাজ্জাক গং ওই জায়গা অনেক আগে বিক্রি করে নি:স্বত্তবান হন। জায়গার বিষয়ে কক্সবাজারের মাননীয় জজ আদালতে মিচ অপর মামলা রুজু ছিল।
যার নং ৪০/২২। বিচারিক আদালত দু’তরফা শুনানী করেন। সেখানে বাদীপক্ষ ছিলেন আবদু রাজ্জাক গং। আর পক্ষভূক্ত বিবাদী ছিলেন মিয়াজান গং।
কাগজপত্র পর্যালোচনা ও দালিলিক তথ্য প্রমাণে স্পষ্টভাবে প্রতীয়মান হওয়ায় বাদীপক্ষের দাবী নাকচসহ উনাদের স্বত্ত নেই মর্মে রায় প্রচারিত হয়। আদালতের আদেশের প্রতি আমরা অবিচল ছিলাম।
আবদু রাজ্জাক গং আদালতে নি:স্বত্তবান হিসেবে বিবেচিত হন। আমরা ৩ মাস আগে থেকে মার্কেট নির্মাণকাজ শুরু করেছি। সেখানে আমাদের সাইন বোর্ড আছে। ঘেরা আছে অমিম শপিং সেন্টারের।
কিন্তু আবদু রাজ্জাক আদালতে নি:স্বত্তবান প্রমাণিত হওয়ার পর আমাদের চলমান কাজকে বাঁধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করতে থাকে। তাকে প্ররোচিত ও ইন্দন দিচ্ছিল একটি প্রভাবশালীচক্র। ওই চক্র আমাদের জায়গাটি জবরদখল করার কুমানসে লিপ্ত রয়েছে। তারা আবদু রাজ্জাককে আমাদের পিছনে লেলিয়ে দেয়।
পেকুয়া থানায় ৩১ অক্টোবর একটি মামলা রুজু করে। ওই মামলার বাদী আবদু রাজ্জাক। কাল্পনিক ঘটনা দেখিয়ে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মতো গুরুতর ধারা দিয়ে মিথ্যা মামলা রুজু করে। এ মামলার প্রধান ইন্দন ছিল উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে প্রতিদ্বন্দী পক্ষ।
রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে মূলত মামলাটি করা হয়েছে। আমরা ব্যবসা করি। চাঁদাবাজি করিনা। বৈধ ব্যবসা করে জীবিকা নির্বাহ করার এ অধিকার আমাদের আছে। আমরা রাজনীতিও করি। আ’লীগ করি এটি আমাদের মূল চেতনা।
কিন্তু হালাল পথে বিনোয়োগ করে জীবন ধারণ করি। কুচক্রীমহলের ইন্দনে এ মামলাটি হয়েছে। যারা নেত্রীর ক্ষমতার সাধ গ্রহণ করে এ পেকুয়ায় শত শত আ’লীগের নেতা-কর্মীকে আসামী করছে।
চরম হয়রানি করছে এদের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় রাজ্জাককে দিয়ে মামলাটি করা হয়। আমরা এ বিচার মহান আল্লাহকে দিলাম। আল্লাহ যারা মিথ্যা মামলা দেয় আপনি এদের বিচার করবেন। দেশবাসী ও প্রশাসনকে আমাদের বিষয়টি স্পষ্ট করার জন্য আজকের এ সংবাদ সম্মেলন।