-
- রংপুর
- লালমনিরহাটেও ধর্মঘটের প্রভাব চরম ভোগান্তিতে যাত্রীরা
- প্রকাশের সময়ঃ October, 28, 2022, 10:05 pm
- 165 বার পড়া হয়েছে
এম এ রহিম ” লালমনিরহাট :
প্রশাসনিক হয়রানি, তিন চাকার যানবাহনসহ মহাসড়কে অবৈধ নসিমনকরিমন চলাচল বন্ধের দাবিতে শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর মোটর মালিক সমিতি।
কিন্তু এর প্রভাব পড়েছে লালমনিরহাটেও। ইতোমধ্যে লালমনিরহাটের সঙ্গে অন্যান্য জেলার সকল পরিবহন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা যায়, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে যান চলাচল এবং রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর জেলার সব রুটের বাস-মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস চলাচল বন্ধের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
ফলে লালমনিরহাটের সঙ্গে সারা দেশের পরিবহন যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে বিভিন্ন স্থানে যাত্রীরা ভেঙে ভেঙে যাওয়ায় গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। অনেকেই আবার গন্তব্যে না যেতে পেয়ে নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন।
তবে ধর্মঘট বিষয়ে জেলা বিএনপি বলছে, রংপুরের সমাবেশ ঘিরে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীদের সমাবেশে আসতে বাধা দিতেই এ ধর্মঘট ডাকা হয়েছে।
অন্যান্য বিভাগীয় সমাবেশে সরকার পক্ষে লোকজন একইভাবে সমাবেশে নেতাকর্মীদের বাধা দিয়েছেন।
নাম প্রকাশ না করে পরিবহন শ্রমিকরা জানান, লালমনিরহাটে ধর্মঘট না থাকলেও রংপুরে ধর্মঘট থাকায় দুদিন আয় বন্ধ থাকবে তাদের। কারণ বাস না চললে মালিকপক্ষ তাদের বেতন দেয় না।
এতে সংসার চালাতে হিমশিম খেতে হয়। শ্রমিকরা আরও জানান, তারা কখনোই চায় না বাস বন্ধ থাকুক, বাস বন্ধের সিদ্ধান্ত নেন মালিকরা।
বাসস্ট্যান্ডে আসা রফিকুল ইসলাম বলেন, আমি গাইবান্ধা যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসেছি। কিন্তু এসে দেখছি বাস চলাচল বন্ধ রয়েছে।
অথচ লালমনিরহাটে ধর্মঘট ডাকা হয়নি। রংপুরের কারণে এখান থেকে কোনো বাস চলাচল করতে পারছে না। এখন চিন্তায় আছি কীভাবে যাব।
লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজমুল হোসেন প্রামাণিক বলেন, আমরা ধর্মঘট নিয়ে চিন্তিত না।
গণসমাবেশে যাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে। যে যেভাবে পারবে সমাবেশে উপস্থিত হবেন। গণসমাবেশে যে জনস্রোত হবে তা এই ধর্মঘট দিয়ে আটকানো যাবে না।
রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সরকারি হস্তক্ষেপে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এটা আমরা আগেই জানতাম।
সরকারি দলের মূল উদ্দেশ্য সমাবেশে আসা লোকজনকে বাধা দেয়া। পরিবহন ধর্মঘট কোনোভাবেই নেতাকর্মীদের সমাবেশে আসা ঠেকাতে পারবে না।
পূর্বের সমাবেশগুলোর উপস্থিতিই তার প্রমাণ।
লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির সভাপতি সিরাজুল হক বলেন, রংপুরে ধর্মঘট থাকায় লালমনিরহাট থেকে কোনো দূরপাল্লার পরিবহন জেলার বাইরে চলাচল করবে না। তবে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বাস চলাচল করবে।
এই বিভাগের আরও সংবাদ