আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় নবজাতক মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

সাভার  প্রতিনিধিঃ

আশুলিয়ায় একটি হাসপাতালে ভুয়া নার্স দিয়ে ডেলিভারির সময় নবজাতক মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ।

গণমাধ্যমে নবজাতক মৃত্যুর ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার(২৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা। বিভিন্ন পত্রিকা’য় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সকালে এ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন তিনি।

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুনিয়র কনসাল্টেন্ট (গাইনী) ডাঃ জয়নব আক্তার। সদস্য সচিব হিসেবে আরএমও ডাঃ সাইদুল ইসলাম এবং সদস্য হিসেবে রয়েছেন জুনিয়র কনসাল্টেন্ট (শিশু) ডাঃ আশিকুর রহমান, জুনিয়র কনসাল্টেন্ট (এনেস্থেশিয়া) ডাঃ নাজমুল হুদা মিঠু এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোজাম্মেল।

ডাঃ সায়েমুল হুদা বলেন, শিশুমৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন অব্দি কোন অভিযোগ পাইনি। তবুও প্রকাশিত সংবাদের ভিত্তিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গত রবিবার(২৩ অক্টোবর) সাভারের আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার নাগরিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রসবের সময় নবজাতক মৃত্যুর ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায় ডেলিভারির সময় দুজন ভুয়া নার্স ও একজন আয়া ব্যতীত কোন চিকিৎসক ছিলেন না। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় রবিবার “সাভারে ‘ভুয়া’ নার্স দিয়ে ডেলিভারি, নবজাতকের মৃত্যু” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের আলোকেই ব্যবস্থা নেয়ার উদ্যােগ নিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ