সাভার প্রতিনিধি :
গত জুলাই মাসে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার থানাগুলোর মধ্যে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক এবং শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ।
ঢাকা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ঘোষণা দিয়ে তার হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, পিপিএম (বার)।
এর আগে গতকাল রবিবার (২৩ অক্টোবর) ঢাকা জেলার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।
চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, একাধিক ক্লুলেস মামলার সফল তদন্ত, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল,
লুণ্ঠিত মালামাল উদ্ধার, চুরি, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধসহ আইনশৃঙ্খলার উন্নয়নের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরষ্কার দেওয়া হয়।
পুরস্কার গ্রহণের পর হারুন অর রশিদ বলেন, ঢাকার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। এই গৌরব শুধু আমার একার নয়, এটি থানা ও ক্যাম্পের প্রত্যেক পুলিশ সদস্যদের। তাই এ পুরষ্কার আমি থানা ও ক্যাম্পের প্রত্যেক সদস্যদের উৎসর্গ করলাম।
তিনি বলেন, সর্বস্তরের মানুষের জন্য আমার ক্যাম্পের দরজা সব সময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় মানুষকে সঠিক সেবা দিয়ে যেতে।
আমার দায়িত্বরত এলাকার নাগরিকদের প্রকৃত আইনীসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করব। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, এর আগেও তিনি চলতি বছরের গত ১১ এপ্রিল ও ৫ সেপ্টেম্বর ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হোন।