মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাস্থল থেকেই পুলিশ নিহতের স্বামী রুবেল হোসেনকে আটক করেছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার হরিণহাটি এলাকায় জমশের আলীর বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার মামনি শিলা (২৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ফুলহার এলাকার সামসুল হকের মেয়ে। আটককৃত রুবেল মিয়া (৩০) একই এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রায় এক বছর ধরে স্ত্রীকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় বসবাস করে আসছিল রুবেল ও শামসুন্নাহার। তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত।
বুধবার সকালে রান্না নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হলে রুবেল ঘরের দরজা বন্ধ করে বটি দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করে।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে রুবেলকে আটক করে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, হত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামীকে আটক করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।