ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে প্রশাসনের হস্তক্ষেপে এক দশম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
গতকাল শনিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার সানোড়া ইউনিয়নের মহিষাশী গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ সময় কনের বাবা হাসান আলীকে ৩০ হাজার ও বরের বাবা মোঃ লাল মিয়াকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয় মেয়ের বাবাকে।
কনে তানজিনা (১৫) উপজেলার সানোড়া ইউনিয়নের মহিষাশী গ্রামের হাসান আলীর মেয়ে। বর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ছৈন্টা গ্রামের লাল মিয়ার ছেলে জাকির হোসেন (৩২)।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী ঢাকা মেইলকে বলেন, গতকাল স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি এক দশম শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। পরে সেখানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধের ব্যবস্থা করি।
কনে ও বরের বাবা উভয়কে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় সেই সঙ্গে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা নেয়া হয়। তিনি আরও বলেন বাল্য বিয়ে সম্পর্কে আমাদের সকলকে আরো সচেতন হতে হবে।