সাভার প্রতিনিধিঃ
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক থামালে ছিনতাইকারীদের খপ্পরে পড়েন ট্রাক চালক ও তার সহকারী।
এ সময় ছিনতাইকারীরা তাদের ছুরি দিয়ে আঘাত করে জখম করে। স্থানীয়রা ছিনতাইকারীদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
বুধবার(০৫ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানা থেকে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ভোর ৫ টার দিকে সাভারের রেডিওকলোনী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হল, নারায়ণগঞ্জ জেলার সোনারগাও থানার মজমপুর গ্রামের নবী হোসেনের ছেলে আল আমিন(২৮), রাজবাড়ি গোয়ালন্দ থানার দৌলতদিয়া ঘাটের আরশাদ আলীর ছেলে মহর উদ্দিন ওরফে মরণ(২৮),
মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কনকসার এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে সজিব খান(২৭) ও মানিকগঞ্জ দৌলতপুর থানার আবুডাঙ্গা গ্রামের করম আলী শেখের ছেলে বাচ্চু শেখ(২৮)।
তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু, ছিনতাইকৃত টাকা ও ৪ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী ট্রাক চালক পারভেজ বলেন, আমি ট্রাক নিয়ে ঢাকার কমলাপুর থেকে ধামরাই যাচ্ছিলাম।
ভোরে সাভারের রেডিওকলোনী এলাকায় পৌছলে আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে আমার লরি ট্রাক থামিয়ে নামলে ৪ ছিনতাইকারী আমাদের উপর আক্রমণ করে।
তখন আমার ও আমার সহকারীকে সুইচ গিয়ার ছুরি দিয়ে আঘাত করে আমাদের কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। আমরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাদের ধরে ফেলে। পরে পুলিশে খবর দেয়া হয়।
স্থানীয়দের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হয়ে থানায় এসে অভিযোগ দায়ের করে ভুক্তভোগীরা।
এ ব্যাপারে সাভার মডেল থানার এস আই মাহবুব বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
তারা প্রাথমিক ভাবে স্বীকার করেছে তারা এ ধরণের অপকর্মের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।