মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকা থেকে অজ্ঞাত মালিকের দুইটি গরু উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে গত ১৪ সেপ্টেম্বর কালো রঙের গাভী ও একটি লাল রঙের ষাঁড় গরু দেখতে পাওয়া যায়।
এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে মালিক না পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুইটি গরু উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে আসেন। মালিকবিহীন ওই দু’টি গরু এখনো থানায় রয়েছে।
কালিয়াকৈর থানার (এসআই) হাফিজুর রহমান জানান, গরু দু’টি গত ১৪ সেপ্টেম্বর উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো গরুর মালিকের কোনও সন্ধান পাওয়া যায়নি।