সাভার প্রতিনিধি :
ঢাকা আরিচা মহাসড়কের সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার থেকে শনিবার ভোর রাত পর্যন্ত মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে রেডিওকলোনী পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে এসময় সাভার মডেল থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ ও সাভার হাইওয়ে থানা পুলিশও অংশ গ্রহণ করেন।
পুলিশ বলছে,বর্তমান সরকার মহাসড়কে যানজট নিরসনে ঢাকা আরিচা মহাসড়ক চার লেনে উন্নতি করেছে।
কিন্তু এক শ্রেণীর প্রতারক চক্র মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে রেডিওকলোনী পর্যন্ত দুই পাশে দখল করে ভাসমান দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করে আসছিলো যার ফলে মহাসড়কে যানজটসহ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছিলো।
পরে গত বৃহস্পতিবার শনিবার ভোর রাত পর্যন্ত ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম।
এসময় কয়েক’শ ভাসমান দোকানপাট গুড়িয়ে দিয়ে মহামড়কের সৌন্দর্য ফিরিয়ে আনা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানজট থাকবে না বলে আশা করা হচ্ছে।
উচ্ছেদ অভিযান থেকে এসময় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হয় মহাসড়কের দুই পাশে কেউ দোকানপাট বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অথবা যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি হলে গাড়ি চালকদের বিরুদ্ধে মামলা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।