অপরিচ্ছন্ন পরিবেশ, টয়লেটের দুর্গন্ধে পাঠদান হরহামেশাই ব্যাহত হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্যার আশুতোষ সরকারি কলেজে।
রয়েছে জরাজীর্ণ শ্রেণিকক্ষের নানান সংকটও। খোঁজ নিয়ে জানা যায়, জরাজীর্ণ দুইটি পুরাতন ভবন পরিত্যক্ত ঘোষণা করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
ছাত্রাবাসগুলো ব্যবহার অযোগ্য হয়ে গেছে বহুবছর আগে। নেই শিক্ষকদের থাকার ব্যবস্থাও। সীমানা প্রাচীর না থাকায় অরক্ষিত কলেজে বেড়েছে বহিরাগতদের আনাগোনা। বেহাত হচ্ছে কলেজের জায়গা। চুরি হচ্ছে মূল্যবান সামগ্রী।
কলেজ সূত্রে জানা যায়, কলেজে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স। একাদশ-দ্বাদশ শ্রেণি, ডিগ্রির বিবিএস, বিএসসি, বিএ, বিএসএস পাস কোর্স ও অনার্স মিলে ৫২৩৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ২৬৯৬ জন ছাত্রী ও ২৫৪১ ছাত্র।
সরজমিনে দেখা গেছে, জরাজীর্ণ ভবন, কক্ষ সংকট, পানীয় জলের সংকট, শৌচাগার সংকট, শিক্ষক সংকট ও জনবল সংকটে ধুঁকছে ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কলেজটি। যত্নের অভাবে নষ্ট হচ্ছে লাইব্রেরির মূল্যবান দলিল ও বই।
অবহেলায় পড়ে রয়েছে রসায়ন বিভাগের ল্যাব ও আইসিটি ল্যাবের যন্ত্রাংশ। শিক্ষার্থীদের জন্য ব্যবহার অযোগ্য দুইটি শৌচাগারে নেই পানি। টয়লেটের দুর্গন্ধের মধ্যে পাঠ নিচ্ছেন শিক্ষার্থীরা। দ্বিতল বিশিষ্ট জোড়াতালি দেওয়া দুই ভবনে শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কক্ষ সংকটের কারণে কোনো এক শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হলে বন্ধ থাকে অন্য শ্রেণির পাঠদান। শ্রেণিকক্ষের ছাদ ছুঁয়ে পড়ে পানি। শিক্ষার্থীদের জন্য রয়েছে খাবার পানির মাত্র একটি টিউবয়েল। জরাজীর্ণ ব্যবহার অযোগ্য দুইটি টয়লেট ব্যবহার করেন শিক্ষার্থীরা।
অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর জানান প্রাচীন এই বিদ্যাপীঠে শিক্ষার্থীদের স্থান সংকুলান না হওয়ায় জরাজীর্ণ পুরাতন ভবনের বেশ কয়েকটি কক্ষ ব্যবহার করতে হচ্ছে বলে জানিয়েছেন কলেজে বিষয় ভিত্তিক শিক্ষকের পদ রয়েছে দুই থেকে তিনটি। এরমধ্যে শিক্ষকের ৮টি পদ শূন্য।
ফলে এত সংখ্যক শিক্ষার্থীদের পাঠদান করতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। নতুন করে আরো পদ সৃষ্টির প্রয়োজন রয়েছে। আইসিটি বিভাগে মাত্র একটি পদ। সে পদে নিযুক্ত প্রভাষক প্রশিক্ষণে থাকায় আইসিটির পাঠদান বর্তমানে বন্ধ রয়েছে।
২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর পদ রয়েছে ১৬টি। এর বিপরীতে কর্মরত আছেন মাত্র তিনজন। এ সংখ্যক জনবল নিয়ে কলেজ পরিচালনা করা অত্যন্ত কষ্টকর।
১৯.৪ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত এ কলেজের রক্ষণাবেক্ষণ করাটাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জরুরি ভিত্তিতে কলেজের সীমানা প্রাচীর নির্মাণ প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্টদের দফতরগুলোকে লিখিতভাবে জানিয়েছি।