নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় মোবাইলে পরকীয়া প্রেমিকের সাথে কথা বলার সন্দেহে স্ত্রী তানজিলা আক্তার (২৯) কে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী। সেই ঘটনার প্রায় আড়াই
বছর পর ঘটনাটির রহস্য উদঘাটনসহ গাইবান্ধা থেকে ঘাতক স্বামী জামাল উদ্দিন (৩৫) কে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।
বুধবার (২০ জুলাই) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিবিআই এসব তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) গাইবান্ধা জেলার সদর থানা এলাকা থেকে আড়াই বছর আত্মগোপনে থাকা জামাল উদ্দিনকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা।
তানজিলা আক্তার গাইবন্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সীচা দর্জি পাড়া গ্রামের তারা মিয়ার মেয়ে। ১০ বছর পূর্বে বিয়ে হয় গাইবন্ধা জেলার সদর থানার মঠবাজার গ্রামের জাহের উদ্দিনের ছেলে জামাল উদ্দিনের সাথে।
তাদের জোনাকী (৮) নামের এক কন্যা সন্তান রয়েছে। দারিদ্রতার কারণে তানজিলা আক্তার এবং স্বামী জামাল চাকুরীর খোঁজে ঢাকার আশুলিয়ায় আসেন।
আশুলিয়া থানার টেংগুরী কোনাপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি গার্মেন্টস এ চাকুরি শুরু করেন তানজিলা। স্বামী জামাল রিক্সা চালিয়ে জীবিকা করতেন।
পিবিআই জানায়, স্ত্রী তানজিলা আক্তারের মোবাইলে কথা বলা নিয়ে সন্দেহ করেন স্বামী জামাল। ২০২০ সালের ০৯ জানুয়ারী স্বামী জামাল বাইরে থেকে এসে দেখেন স্ত্রী ফোনে কথা বলতেছেন।
এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি পরে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্ত্রী তানজিলাকে। স্ত্রীকে হত্যা করে শশুর বাড়ির লোকজনের কাছে প্রচার করেন স্ত্রী তানজিলা আক্তারের পরকীয়া প্রেমিক এসে ঘরের মধ্যে তানজিলাকে খুন করে গেছে।
জামাল মিয়ার কথা বার্তায় সন্দেহ হলে ২০২২ সালের ১১ তারিখ তানজিলার বাবা তারা মিয়া আশুলিয়া থানায় জামাল মিয়াসহ অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং- ২৭।
আরও জানায়, মামলাটি থানা পুলিশ তদন্ত করে আসামী গ্রেফতার করতে ব্যার্থ হলে পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে মামলাটি গ্রহন করে। তদন্তের দায়িত্ব পায় পিবিআই এর কর্মকর্তা এসআই মানিক চন্দ্র সাহা।
পিবিআই এর কর্মকর্তা এসআই মানিক চন্দ্র সাহা বলেন, আসামী পেশায় রিক্সা চালক হওয়ায় গ্রেফতার এড়াতে ঢাকা,
চট্রগ্রাম সহ বিভিন্ন জায়াগায় ভাসমান অবস্থায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল এবং কিছুদিন পর পর অবস্থান পরিবর্তন করছিল।
অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে গত ১৯ জুলাই গাইবান্ধা জেলার সদর থানা এলাকা থেকে আড়াই বছর আত্মগোপনে থাকা জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী জামাল উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে জড়িয়ে স্ত্রী হত্যার বর্ণনা দিয়েছে। জিজ্ঞাসাবাদে জামাল জানায়, সাংসারিক নানা টানা পোড়ান এবং মোবাইলে কথা বলার কারণে তার স্ত্রীকে
সন্দেহ করে ঘটনার দিন অর্থাৎ ২০২০ সালের ০৯ জানুয়ারী সন্ধ্যার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। গ্রেফতার আসামী ২০ জুলাই ঢাকা জেলা আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।