সাভার প্রতিনিধি :
নিখোঁজের দশ দিন পর সাভারে তুরাগ নদী থেকে ইমন রহমান (২১) নামের এক পোশক শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে আমিনবাজার নৌ পুলিশ। নিহতের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
রবিবার (১৭ জুলাই) সকালে আমিন বাজারের কেবলারচর এলাকার তুরাগ নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ৭ জুলাই গাজীপুরের কালিয়াকৈর থেকে নিখোঁজ হন তিনি।
নিহত ইমন রহমান গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আজিবর রহমানের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি কালিয়াকৈর এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের গত ৭জুলাই গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে নিখোঁজ ইমন।
অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পলে কালিয়াকৈর থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবার। আজ তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হলো।
সাভার নৌ-পুলিশ জানায়,আমিনবাজার এলাকার দুবলারচরের তুরাগ নদীতে নিহত ইমনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়।
পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমিন বাজার নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের সারা শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।