সাভার প্রতিনিধি :
সাভারে বোনের বাড়িতে বেড়াতে আসা এক প্রেমিক যুগলের প্রেমিককে আটকে রেখে মারধরের ঘটনা ঘটেছে। এসময় প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে সোহেল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনী এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। এর আগে বিকেলে সাভারের ওই এলাকার শিরিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক সোহেল একই এলাকার মৃত কিতাব আলীর ছেলে। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী এলাকার একটি পোশাক কারখানার সামনে চায়ের দোকান করতেন। তিনি বখাটে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, ওই এলাকায় একটি ছেলে ও মেয়ে বেড়াতে এসে একটি বাড়িতে প্রবেশ করে।
এসময় সন্দেহ হলে কিছু লোকজন তাদের আটকে ছেলেটাকে মারধর করে। এতোটাই আমরা জানি। পরে শুনি সোহেল ওই মেয়েকে ধর্ষণ করেছে। পুলিশ সোহেলকে ধরে নিয়ে গেছে।
পুলিশ জানায়, বিকেলে ওই এলাকায় বোনের ভাড়া বাসা আমান আলীর বাড়ীতে বেড়াতে আসেন ভুক্তভোগীরা। এসময় সন্দেহজনকভাবে যুবককে আটকে রেখে মারধর করা হয়।
এক পর্যায়ে ভুক্তভোগীকে জোর করে শিরিনের বাড়িতে নিয়ে ধর্ষণ করে সোহেল। পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে সোহেলকে আটক করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।