সাভার প্রতিনিধি :
সাভারে পূর্ব শত্রুতার জেরে মাসুদ রানা নামের এক যুবকের হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী সুইটি আক্তার।
বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম। এর আগে গত ৫ জুলাই সাভারের নগরকোন্ডা এলাকায় রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- সাভারের বেড়াইদ এলাকার আব্দুল জলিলের ছেলে মো. সুজন (২৭), তিনি বনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সাভারের নগরকোন্ডার নয়ানগর এলাকার কালুর ছেলে কায়েস (২১) সহ অজ্ঞাত আরও ৩-৪ জন।
ভুক্তভোগী মাসুদ বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মাসুদ রানা তাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় পূর্ব শত্রুতার জেরে সুজন ও কায়েসসহ অজ্ঞাত আরও তিন থেকে ৪ জন তার ওপর হামলা করেন।
পরে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মাসুদকে ধরে হকিস্টিক, লোহার রড দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেন। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় আজ সকালে অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী সুইটি।
এব্যাপারে সাভারের বনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সুজন বলেন, আমি ওই ব্যক্তিকে চিনি না। রাস্তায় তারা মারামারি করছিল আমি তাদের মারামারি থামানোর চেষ্টা করছি।
এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন, অভিযোগের কপি এখনও হাতে পাইনি। হাতে পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।