সাভার প্রতিনিধি :
সাভারে বাক প্রতিবন্ধীর জমি প্রতারণার মাধ্যমে দখলের অভিযোগ এনে মামুন মাদবর নামের এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আসাদুর রহমানের বোন খোদেজা বেগম।
সোমবার (১৩ জুন) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইরর গ্রামের নিজ বাড়ির সামনে এই সংবাদ সম্মেলন করেন খোদেজা বেগম।
অভিযুক্ত মামুন মাদবর বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার আসলাম মাদবরের ছেলে। তার চাচাত ভাই সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের প্রভাবে দখলদারির রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ভুক্তভোগী আসাদুর রহমান একই ইউনিয়নের সামাইর এলাকার মৃত জমত আলী মাদবরের ছেলে। খোদেজা বেগম তার আপন বোন।
সংবাদ সম্মেলনে খোদেজা বেগম বলেন, আমার ভাই আসাদুর রহমান বাক ও শারীরিক প্রতিবন্ধী। সে একা চলতে পারে না।
বিরুলিয়া ব্রিজের পাশে নাইরাদি এলাকায় আসাদুরের ৩৫ শতাংশ জমি মামুনের কাছে বর্গা দেই। শর্ত ছিল সে জমিতে ফসল ফলাবে এবং ফসলের অর্ধেক আমাকে দেবে।
বেশ কিছু দিন ফসলের ভাগ দিয়েছে মামুন। কিন্তু গত প্রায় তিন বছর ধরে ওই জমি নিজের দাবি করে আমাকে আর কোন ফসল দেয় না। আমি বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। আশ্বাস দিয়েছে গত তিন বছরেও এর সমাধান করেনি কেউ ।
তার ভাই চেয়ারম্যানের ক্ষমতায় ছিল। আমাকে হুমকি ধামকি দিয়েছে তাই এতোদিন কথা বলার সাহস পাইনি।
আমার ভাইকে আমি মহিলা হয়েও তার ভরণপোষণ করে আসছি। আর পারছি না। তাই বাধ্য হয়ে আজ সংবাদ সম্মেলন করলাম। আমি প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই।
এব্যাপারে অভিযুক্ত মামুন মাতবর বলেন, তারা যদি কাগজপত্রে জমি পায় তাহলে নিয়ে যাবে। এতে আমার কোন আপত্তি নেই।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।