সাভার প্রতিনিধি :
সাভার পৌরসভা এলাকায় ছুরিকাঘাত করে ফটোগ্রাফার কৃষ্ণ সরকার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার নয়ন মনি ওরফে নয়ন বাউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) রাকিব উদ্দিন ভূঈয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, বুধবার (০৮ জুন) দুপুরে গ্রেফতার আসামি নয়নকে আদালতে পাঠানো হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রাকিব উদ্দিন ভূঈয়া বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় গত ৩০ মে রাতে ফটোগ্রাফার কৃষ্ণ সরকারকে সাভারের আড়াপাড়া এলাকায় মারপিট করে ও আসামি নয়ন সঙ্গে থাকা ছুরি দিয়ে তাকে উপর্যুপরি বুকে ও পেটে আঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে কৃষ্ণ মারা যান।
তিনি আরও বলেন, এঘটনায় সাভার থানায় একটি হত্যা মামলা হলে গত মঙ্গলবার (৭ জুন) রাতে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত নয়নকে গ্রেফতার করা হয়। পরে ঢাকার আদালতে পাঠানো হলে নয়ন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এসময় তাকে কারাগারে পাঠানো হয়।