নিজস্ব প্রতিবেদক :
সাভার সদর ইউনিয়নে প্রেমিকাকে ডেকে এনে বন্ধুদের সাথে জঙ্গলে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় রবিউল ইসলাম রবি (২৫) নামে প্রেমিককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৫ মে) রাতে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর (ওসি) মতিয়ার রহমান।
এর আগে, আসামি রবিকে আদালতে হাজির করলে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোমেনুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর হাকিম এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম রবির সাথে ভুক্তভোগী নারীর সাত মাসের প্রেমের সম্পর্ক। সেই সুবাদে গত সোমবার (২৩ মে) রবির জন্মদিনের কথা বলে সাভারের কলমা নিয়ে আসেন ভুক্তভোগীকে।
পরে রবিসহ আরো বন্ধু মিলে রাতভর পালাক্রমে গণধর্ষণ করে ভুক্তভোগীকে। ঘটনার পর দিন মঙ্গলবার (২৪ মে) রাতে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা দুইজনসহ চার জনের নামে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী নারী।
সেদিন রাতেই গ্রেফতার হয় রবিউল ইসলাম রবি। পরে থানায় এসে অভিযোগ করে সেই নারী।
গ্রেফতার রবিউল ইসলাম রবি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বিন্দু সাজ গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে। তিনি ধর্ষণ মামলার প্রধান আসামি।
বাকি আসামিরা হলেন-সাভার থানার কলমা এলাকার শাহজাহানের ছেলে শহিদুল ইসলাম (২৭), জিনজিরা এলাকার আব্দুল ওহাবের ছেলে মনির হোসেন ওরফে মনের কসাই (৪০) ও আবু ইউসুফের ছেলে মোঃ রবিন (২৭)।
সাভার মডেল থানার ওসি তদন্ত মোমিনুল ইসলাম আরও জানান আজ সন্ধায় মামলার এজাহারভুক্ত আরেক আসামী মনির কসাই কে গ্রেপ্তার করা হয়।