ফরিদগঞ্জে ছাত্রলীগের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়। একপর্যায়ে ফরিদগঞ্জ বাজারে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৮ মে রোববার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত দফায় দফায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি ও পুলিশের উপস্থিতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, রোববার ছাত্রলীগের দুই গ্রুপের আনন্দ মিছিল নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা থাকায় প্রশাসন উভয় পক্ষের মিছিল বন্ধ করে দেয়।
পুলিশি বাধা উপেক্ষা করে নবগঠিত উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা বিকাল ৩টায় পৌর এলাকার চরকুমিরা রাস্তার মাথা থেকে মিছিল শুরু করে। পরে কালিরবাজার চৌরাস্তায় এলে মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে এবং ফরিদগঞ্জ বাজারে প্রবেশ নিষেধ করে তাদেরকে ফিরিয়ে দেয়।
এসময় কে বা কারা মিছিল থেকে পুলিশ ও নেতা-কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। অন্যদিকে জেলা ছাত্রলীগ স্বাক্ষরিত পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ কেরোয়ার মোড় থেকে মিছিল শুরু করে ব্রিজের উপর এলে তারাও পুলিশি বাধার মুখে পড়ে এবং তারা চলে যায়। এসময় বিপরীত দিক থেকে ককটেল বিস্ফোরণ করলে মিছিলে থাকা নেতা-কর্মীরা ধাওয়া করে।
এরপরই সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে একাধিক ককটেলের বিস্ফোরণ এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কেরোয়া ব্রিজের উত্তর পাশ থেকে ছাত্রলীগের একটি গ্রুপ মিছিল নিয়ে বাজারের দিকে আসার পথিমধ্যে পুলিশি বাধার মুখে পড়লে তারা চলে যায় এবং বাজার থেকে আসা একটি গ্রুপ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়া প্রদর্শন করে। এতে বাজারে আসা সাধারণ মানুষ আতংকিত হয়।
একই দিন সন্ধায় মাজার সংলগ্ন এলাকায় পুনরায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় জেলা পরিষদের সাবেক দুই সদস্যসহ উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
আহতরা হলেন জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটু, জেলা পরিষদের সাবেক সদস্য ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন, সংসদ সদস্যের ১৪নং ইউনিয়নের প্রতিনিধি রুবেল হোসেন, যুবলীগ নেতা আব্দুর রহমান মুসা ও সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও একই দিন দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারিকেলতলা, কড়ৈতলী, আলোনিয়াসহ বিভিন্ন ইউনিয়নে উভয় গ্রুপের নেতা-কর্মীদের মাঝে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
উপজেলা ছাত্রলীগের বিবাদমান দুটি পক্ষ গতকাল শনিবার পাল্টাপাল্টি সমাবেশ ও মিছিলের কর্মসূচী ঘোষণা করে।
এমন খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা দু’পক্ষের নেতাদের সঙ্গে আলোচনা করে। এতে মো. বাকী বিল্লাহর নেতৃত্বাধীন এক পক্ষ শনিবারের কর্মসূচী পিছিয়ে রোববারে সমাবেশ ও মিছিলের ঘোষণা দেন।
অপরদিকে স্থানীয় সংসদ সদস্যের ঘোষিত পৌর ছাত্রলীগ কমিটির সভাপতি আলী নেওয়াজের নেতৃত্বাধীন কমিটি ঈদ পুনর্মিলনীর ঘোষণা দেন। খবর পেয়ে পুনরায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুটি কর্মসূচী বন্ধের চেষ্টা করেন। এতে সকাল থেকে পৌর বাজারের বিভিন্ন প্রবেশমুখে পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।
রোববার ফরিদগঞ্জ সাপ্তাহিক বাজারের দিন ছিল, ফলে বাজারে বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতা উপস্থিত ছিলেন। সংঘর্ষের মধ্যে পড়ে পথচারীরা আতংকে ও জীবন বাঁচাতে দিগ্বিদিক ছুটাছুটি করেন। এতে কয়েকজন আহত হন। মুহূর্তে গলি ফাঁকা হয়ে যায়।পাশাপাশি বিভিন্ন দোকানপাটেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল সোহেল মাহমুদ বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের আনন্দ মিছিলকে কেন্দ্র করে ফরিদগঞ্জবাসীর জানমালের ক্ষতির আশংকায় আমরা ফরিদগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।
বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দু-গ্রুপের মধ্যে হামলায় কেউই কোনো লিখিত অভিযোগ দেয়নি। কেহ অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।