নিজস্ব প্রতিবেদক :
সাভারের তুরাগ নদ থেকে নাসরিন (২৬) নামের এক গৃহিণীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ কিভাবে ওই নদে আসলো তা এখনও জানা যায় নি।
শুক্রবার (৬ মে) রাত সাড়ে ৮ টার দিকে সাভারের আমিনবাজারের বসিলা ব্রিজের উত্তর পাশের তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাসরিন মাদারিপুর জেলার উমিতপুরের আলীপুর এলাকার মৃত হারুন মুন্সীর মেয়ে। তার বাবা পরিবারের সকলকে নিয়ে ঢাকা মেট্রোপলিটনের দারুসসালাম থানার বড়বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। তার স্বামীর বাড়ি ঢাকা মেট্রোপলিটনের একই থানার গাবতলি বর্ধনবাড়ি এলাকায়।
পুলিশ জানায়, নিহত নাসরিন তার স্বামি হিমেলের সাথে ঢাকা মেট্রোপলিটনের গাবতলি বর্ধনবাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন। ঈদ উপলক্ষে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন।
গত ‘৪ মে’ রিকশাযোগে তিনি তার স্বামীর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন। আজ স্থানীয়দের খবরের ভিত্তিতে তার মরদেহ ওই এলাকার তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়। এখনও সুরতহাল চলছে বিস্তারিত পরে জানানো হবে।
আমীনবাজার নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো.শহিদুল ইসলাম সরদার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। এটি হত্যাকান্ড কি না জানতে চাইলে তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না, বিস্তারিত পরে জানানো হবে।