নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মাহমুদুল হাসান রনি(২০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন। গত মঙ্গলবার ঈদের দিন বিকেলে উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রনি পাশ্ববর্তী চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের নোয়াব আলীর ছেলে। এঘটনায় স্থানীয় ইয়ামিন ও আলিফ নামে সন্দেহভাজন দুই জনকে আটক করেছেন থানা পুলিশ।
নিহতের স্বজন ও থানা পুলিশ জানান, মঙ্গলবার(৩মে) ঈদের দিন বিকেলে মোটরসাইকেলে দুই বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হয় রনি। তারা উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেলের গতিরোধ করে প্রতিপক্ষের ৫/৬ জন লোক।
এরপর রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে রনিকে কোপাতে থাকে। একপর্যায়ে সে দৌড়ে এক বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার মানিকনগর ও শাহরাইল গ্রামের যুবক এবং কিশোরদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ওই বিরুদ্ধের জেরেই এই হত্যার ঘটনা ঘটেছে।
সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ মাহফুজ রানা বলেন, হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
গতকাল সন্ধ্যায় সন্দেহজনকভাবে জিজ্ঞেসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞেসাবাদ চলছে। মূল আসামিসহ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।