নিজস্ব প্রতিবেদক :
মিরপুর মফিদিয়াম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাকিব আল হাসান হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও পালাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাভারের মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের সহপাঠী ও স্বজনরা।
আজ রবিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে নিহত সাকিবের সহপাঠী রাশেদ মিয়া বলেন, পাওনা টাকা চাওয়ায় হত্যা পরিকল্পনা করে আমাদের বন্ধু সাকিবকে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে।
আমরা হত্যাকারীদের মধ্য যারা গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এছাড়া দোষীদের বিচার কার্যক্রম দ্রুত আইনে করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে সাকিবের বড় ভাই রাকিব মিয়া বলেন, পাওনা ছয় হাজার টাকা ফেরত চাওয়ায় আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করে ওর বন্ধু পিয়াস, ইমন ও নাবিন, রাজুসহ অন্যরা। এঘটনায় পিয়াস, ইমন ও রাজুকে গ্রেপ্তার করা হলেও নাবিন ও অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আমরা বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই। আমর ভাই হত্যার বিচার চাই বলেই কান্নায় ভেঙ্গে পরেন রাকিব মিয়া।
যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোখলেছুর রহমান বলেন, কলেজ শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় নামিয় প্রধান আসামিসহ তিন জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য নিখোঁজের ১০দিন পর গত ২৬ মার্চ সাভারের বনগাঁও ইউনিয়নের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে সাকিবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় এবং সাকিবের বন্ধু পিয়াসকে আটক করা হয়। পরে র্যাব সাকিবের অপর বন্ধু ইমনকে গ্রেপ্তার করে।
দুইজনকে জিজ্ঞাসাবাদ করে র্যাব ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পিয়াসের নিকট সাকিব ছয় হাজার টাকা পাওনা ছিল।গত ১৭ মার্চ ৯টার সময় ইমন ফোন কলের মাধ্যমে সাকিবকে তার পাওনা টাকা দেওয়ার কথা বলে সাভার মডেল থানাধীন নগরকোন্ডা এলাকায় নিয়ে যায়। সেখানে পিয়াস, ইমন ও নাবিন,
রাজুসহ অন্যরা সাকিবকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে। পরবর্তীতে তারা লাশ গুমের উদ্দেশ্যে মরদেহ নির্মাণাধীন বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে ঢাকনা বন্ধ করে দেয়।
এর পর সাকিবের ভাই রাকিব গত ১৮ই মার্চ সাভার মডেল থানায় জিডি করেন। পাশাপাশি গত ২০ মার্চ সাকিব নিখোঁজ জানিয়ে র্যাবের কাছে অভিযোগ দেয় সাকিবের ভাই রাকিব মিয়া।