আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে ইটবাহী লড়ি উল্টে চালকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ইটবাহী লড়ি উল্টে সাগর নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের গোলাঘাট এলাকায়
এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর (২২) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের মোহাম্মদ খোরশেদ আলীর ছেলে।
তিনি পেশায় একজন লরি চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবাহী একটি লরি বরকুল বালিয়াপাড়া সংযোগ সড়ক হয়ে গোলাঘাট এলাকার রেললাইন অতিক্রম করার সময় হঠাৎ করে লরির সামনের অংশ ওপরে উঠে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ সময় গাড়ির পেছনের দিকে রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খেলে সাগর চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। হেলপার শরিফ ব্রেকের সঙ্গে পা আটকে ঝুলে ছিলেন। পরে স্থানীয়রা গাড়ির ব্রেক কেটে তাঁদের উদ্ধার করে। ইটবাহী লরিটি তখন হেলপার শরিফ চালাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। চালক সাগর পাশে বসা ছিলেন।

নিহত লরিচালকের বাবা মোহাম্মদ খোরশেদ আলী বলেন, সকালে একটি ইটভাটা থেকে ইট নিয়ে শ্রীপুর উপজেলার বালিয়াপাড়া এলাকায় আসে।
এরপর দুপুর ১২টার দিকে ফোন পাই আমার ছেলের গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এরপর ঘটনাস্থলে এসে ছেলের মরদেহ দেখতে পাই।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই অমল চন্দ্র বিশ্বাস গণমাধ্যম কে বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ