মোঃ সাইফুল ইসলাম ফেনী সদর ও কোর্ট প্রতিনিধি:
পলিথিন পরিবেশ ক্ষতির কারনে বিক্রয় নিষিদ্ধ হলেও শহর কিংবা গ্রামের হাট বাজার,পাড়া মহল্লাসহ সব খানে দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন।
দেখা যায় ক্রেতারা বাজার করতে যাচ্ছেন খালি হাতে,কিন্তু ফিরে আসে পলিথিনের ব্যাগভর্তি বাজার নিয়ে। অনেক অসাধু ব্যবসায়ী গোপনে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করছেন।
দীর্ঘদিনেও পলিথিন বিক্রয়ের বিরুদ্ধে কোন অভিযান পরিচালনা না করায় এটি এখন প্রকাশ্যে বিক্রয় ও ব্যবহার হচ্ছে।
অথচ পরিবেশের বিপর্যয় রোধে পলিথিনের ক্ষতিকর প্রভাব বিবেচনায় ২০০২ সালে আইন করে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করে সরকার।
সে সময় আইনটির কঠোর প্রয়োগে পলিথিনের উৎপাদন ও ব্যবহার প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। বর্তমানে আইনটি প্রয়োগের শিথিলতায় নতুনরুপে ব্যাপকভাবে আবার ফিরে এসেছে নিষিদ্ধ পলিথিন।
অভিযোগ রয়েছে, সংল্লিষ্ট কর্তাদের ম্যানেজ করেই এখন চলছে রমরমা ব্যবসা।প্রতিটি হাট বাজারে রয়েছে বেশ কয়েকটি পাইকারি পলিথিনের দোকান।
এসব দোকানে উৎপাদনকারীরাই লোক দিয়ে পলিথিন সরবরাহ দিয়ে থাকে।ফলে তুলনা মূলক এর চাহিদা অনেকাংশে বেড়ে গেছে।এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা চরম আকারে বাড়ছে।
সরজমিনে গেলে দেখা মিলে, শহরের বড় বাজার,হকার্স মার্কেট, মহিপাল কাঁচা বাজার, মুক্তবাজার সহ অভিজাত রেস্টুরেন্ট, মুদির দোকান, কাঁচাবাজার থেকে শুরু করে ফুটপাতের প্রায় সব দোকানে এবং পরো জেলার সকল দোকানগুলোতে পণ্য বহনে ব্যবহৃত হচ্ছে পলিথিন ব্যাগ।
সহজলভ্য ও ব্যবহারে সুবিধা থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়ই ক্ষতির দিক বিবেচনা না করে পলিথিন ব্যাগ দেদারছে ব্যবহার করছেন।
শহরের পাঠান বাড়ী এলাকার নুরুল হক জানান, পলিথিনের মত অপচনশীল দ্রব্যে পানি নিষ্কাষণের লাইন বন্ধ হয়ে প্রতিবছর বর্ষায় তার এলাকায় জলাবদ্ধতার দুর্ভোগ হয়।
সরকারি সংস্থার সমালোচনা ছাড়াও জনসচেতনতার অভাব মনে করেন তিনি, যেখানে সেখানে আবর্জনা ফেলা, বিশেষ করে পলিথিনের অতি ব্যবহার হচ্ছে। কিন্তু এ বিষয়ে টনক নড়ছে না কারোই।
ব্যবসায়ীরা বলছেন, পলিথিনের কারণে পরিবেশের ক্ষতি হোক, তারা তা চান না। কিন্তু পলিথিনের মতো সহজলভ্য কোনো পণ্য বাজারে নেই।তাই কাজে লাগাচ্ছেন।
শহরের হকার মার্কেটে দেখা মিলে নুরুল আফসার নামে এক প্রবাসীর সাথে। তিনি বলেন,মুরগি কিনেছেন এখন দোকানদার পলিথিন ধরিয়ে দিলে কি করব। চারদিকেই তো পলিথিন আর পলিথিন। বন্ধ করার ব্যবস্থা তো দেখি না।
এটা বন্ধ হওয়া দরকার কী না এমন প্রশ্নে তিনি বলেন, পরিবেশের মারাত্মক বিপর্যয় ঠেকাতে পলিথিনের ব্যবহার অবশ্যই বন্ধ করা উচিত এবং তা দ্রুত করা উচিত।
এ জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য তিনি আহ্বান জানান। সরকার আন্তরিকভাবে না চাইলে পলিথিন বন্ধ করা সম্ভব না বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
শহরের ট্রাংক রোডের ফল বিক্রেতা মো. হানিফ বলেন, একশ’ কাগজের ঠোঙা দুই থেকে তিনশ’ টাকায় কিনতে হয়। অন্যদিকে এক কেজি পলিথিন কেনা যায় অনেক কম টাকায়। পলিথিন কম দামে পাওয়া যায় বলে তারা ব্যবহার করেন।একই অবস্থা চালের বাজারেও।
এদিকে পরিবেশবিদরা বলছেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহারে শাস্তির বিধান রেখে আইন করা হলেও কমেনি পলিথিন ব্যাগের ব্যবহার। পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে পরিবেশের ক্ষতির কথা চিন্তা করে ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করা হয়। তখন বিকল্প হিসেবে কাগজ ও পাটের ব্যাগের প্রচলন শুরু হয়। পরবর্তীসময়ে আইনের প্রয়োগ না থাকায় পলিথিন বিক্রি ও ব্যবহার বেড়েছে জ্যামিতিক হারে।
আবুল হাশেম নামে শহরের নাজির রোড এলাকা এক সচেতন নাগরিকের দাবী, পলিথিন ব্যাগ ছাড়া বাজারে কোন ব্যাগ দেয়া হচ্ছে না।পাশাপাশি অন্য ব্যাগ ব্যবহারে খরচ বেশি তাই সরকারকে এর বিকল্প ব্যবস্থা নেয়া সহ পলিথিন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পরিবেশবাদী আতিক উল্লাহ বলেন,এটি বন্ধের আইন ও বিধিমালা রয়েছে। যারা এটা কার্যকর করবে তারাই এটা করছে না। জেলা প্রশাসনও পলিথিনের ব্যাপারে নিষ্ক্রিয়। পরিবেশ অধিদপ্তর তাদের যানবাহনের অভাব, লোকবলের অভাবকে খোঁড়া অজুহাত দেখিয়ে নিয়মিত অভিযান চালায় না। যে কারণে প্রকাশ্যে ব্যবহার হচ্ছে পলিথিন।তিনি বলেন,উৎপাদন তখনই বন্ধ হবে, যখন এটি বাজারজাত করা সম্ভব হবে না।
জানা যায়, ফেনীর বিসিক,রামপুরসহ জেলার বিভিন্নস্থানে অতি মুনাফালোভী কিছু ব্যবসায়ী গোপনে কারখানা দিয়ে পিপি দানা থেকে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করছেন এবং তা আবার বাজার জাত করছে।এসবের সব কিছৃ দেখেও না দেখার ভান করছেন সংশ্লিষ্ট কর্তাব্যক্তি গণ। এছাড়া প্ল্যাস্টিক পণ্য উৎপাদনে লাইসেন্স যারা পেয়েছেন তারাই বালতি, মগ কিংবা অন্য কোনো পণ্যের মোড়কে পলিথিন ব্যবহার করছেন। আর এসব অনুমোদিত প্ল্যাস্টিক কারখানায় উৎপাদিত হচ্ছে পলিথিন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফাইজুল কবির বলেন,তিনটি পলিথিন তৈরীর বৈধ কারখানা রয়েছে। এছাড়া অন্যরা কৌশলে পলিথিন উৎপাদন করছে। যে কারণে তাদের খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় খুচরা বিক্রি করছে।তবে বিক্রয় নিষিদ্ধ এসব পলিথিন যারা প্রস্তুত করছেন বা বাজারজাত করছেন তাদের বিরুদ্ধে প্রশাসন সহ সহসা অভিযান চালানো হবে।
এ ব্যপারে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, পথিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সকলেই এর ব্যবহার বন্ধ করতে হবে।যত্রতত্র এটিকে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।যারা পলিথিন উৎপাদন বা বিক্রি করছেন তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।