মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ইটভাটা বন্ধ করতে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের একটি টিম।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীরের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ (১৯ মার্চ) শনিবার কালিয়াকৈর উপজেলার সোনাখালী এলাকার কেবিসি ব্রিকসকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
ডুবাইল এলাকার জেআরএইচ ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করে ভেঙ্গে দেয়া হয়েছে। এছাড়াও ওই এলাকার আরো তিনটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি ব্যবহারের অপরাধে এ জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী অফিসার মোহাম্মদ মঈনুল হক, সহকারী অফিসার মমিন ভূঁইয়াসহ পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ।