আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে ডিভাইন ফেব্রিক্স কারখানায় ভয়াবহ আগুন

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দিঘীরপাড় এলাকার ডিভাইন ফেব্রিক্স লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় প্রতিষ্ঠানের ডাইং সেকশন ছাড়া অন‌্য সব সেকশনের ছুটি ছিল।

হঠাৎ বিকেল সোয়া ৪টার দিকে প্রতিষ্ঠানের ভেতরে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

কারখানার শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘নিচ তলায় ডাইং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। দ্বিতীয় তলায় সুইং ফিনিসিং এবং তৃতীয় তলায় সুইং সেকশন। প্রতিটি কক্ষেই প্রচুর ফেব্রিক্স রয়েছে।’

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে সাভার, মির্জাপুর ও ডিবিএলসহ মোট ৮ টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কতজন কারখানায় কাজ করছিলো কোন সেকশন খোলা ছিলো কিনা এসব বিষয়ে জানতে ওই কারখানা কর্পতৃক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কাউকে পাওয়া যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ