আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে দরপত্র  ছাড়াই বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ

নিজস্ব  প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ উচ্চবিদ্যালয়ের মাটি বিক্রির অনিয়মের অভিযোগ উঠেছে।

দরপত্র ছাড়াই বিক্রি করে দেওয়া হয়েছি বিদ্যালয়টির কয়েক লাখ টাকার মাটি। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অনেকেই মাটি বিক্রির বিষয়টি জানেন না বলে দাবি করেছেন।

জানা গেছে, জয়মন্টপ উচ্চবিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৪ তলাবিশিষ্ট একটি ভবনের অনুমোদন হয়। ভবনটি নির্মাণের জন্য নির্ধারিত জায়গা থেকে ১০-১৫ ফিট গভীর করে মাটি কাটা হয়।

এ মাটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে একটি চক্র। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের কয়েক জন সদস্যকে দিয়ে গত বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারী) রেজুলেশন তৈরি করা হয়।

রেজুলেশন তৈরির সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম অনুপস্থিত ছিলেন। এ ছাড়া এতে বেশ কয়েক জন সদস্যও অনুপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, ভেকু মেশিন ও ট্রাকের মাধ্যমে বিদ্যালয়ের ওই মাটি দিয়ে কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জায়গা ভরাট করা হয়েছে।

এগুলো হলো, জয়মন্টপ আখড়ার উত্তর পাশের একটি পুকুর, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুনের বাড়ি ও জয়মন্টপ ভূষণ মাস্টারের পুকুর।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মহিদুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের মাটি বিক্রি করা হবে, এমন বিষয় আমরা জানি না। আমরা জানি ভবন নির্মাণের নির্ধারিত জায়গা থেকে কিছু মাটি বিদ্যালয়ের পুকুরে ফেলা হবে।

পরে জানতে পারলাম জয়মন্টপ আখড়ার পাশে ও একাধিক স্থানে মাটি ফেলা হয়েছে। কীভাবে, কত টাকায় মাটি দেওয়া হয়েছে তাও জানা নেই।’

অলি মোল্লা নামের আরেক সদস্য বলেন, ‘বৃহস্পতিবারের কোনো রেজুলেশনে আমি স্বাক্ষর করিনি। বিদ্যালয়ে মাটি কাটার বিষয়টি আমাকে কেউ জানায়নি।’

জয়মন্টপ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ্যাম সাহা বলেন, রেজুলেশন তৈরি করে প্রতি গাড়ি ১১০০ টাকা ধরে জয়মন্টপ আখড়ার পুকুরে ১০০ গাড়ি মাটি বিক্রি করা হয়েছে।

এ ছাড়া সহকারী শিক্ষক মো. মামুনের বাড়িতে ৩-৪ গাড়ি মাটি ও ভূষণ মাস্টারের পুকুরে ৬-৭ গাড়ি ভবনের ভাঙা অংশ ফেলা হয়েছে। বাকি মাটি বিদ্যালয়ের পুকুরে ফেলা হয়েছে।

সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। বিদ্যালয়ে কোনো ধরনের অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ