মোঃ শামীম হোসেন:
আশুলিয়ার পাথালিয়ায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় পাথালিয়া ইউনিয়নের ৬, ৭, ৮ নং ওয়ার্ডে দীর্ঘ ৮ বছর পর দলীয় নেতাকর্মী ও এলাকার জনসাধারণের উপস্থিতে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে সন্দীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে ত্রি বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন পাথালিয়া
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম।
সম্মেলনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ ফারুক হাসান তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান তুহিন বলেন, তৃনমূলের কর্মীরাই বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তি। এই শক্তি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে।
সম্মেলনে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান।
এসময় আরো বক্তব্য রাখেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ইউপি সদস্য শফিউল আলম সোহাগ, পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন হোসেন পন্ডিতসহ আরো অনেকে।
সম্মেলনে প্রধান অতিথি ফারুক হাসান তার বক্তব্যের শেষে তিনটি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পাশাপাশি এক এক করে তিনটি ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করেন। এতে ৬ নং ওয়ার্ডে সভাপতি হিসেবে পুনরায় মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আব্দুল হালিম,
৭ নং ওয়ার্ডে সভাপতি হিসেবে ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম একলাস ও সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউর রহমান জয়, ৮ নং ওয়ার্ডে সভাপতি হিসেবে পুনরায় মোঃ নজরুল ইসলাম ও লিটন ঘোষকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য নয়া কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি পাথালিয়া ইউনিয়নের ১, ২ ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের তৈরি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ মাসের ১৫ তারিখ বাকি ৩, ৫ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।