নিজস্ব প্রতিবেদক :
কোনো হাইব্রিড আওয়ামীলীগার যেন আওয়ামী লীগের কমিটিতে স্থান না পায় সেব্যাপারে সকলকে বিশেষভাবে সজাগ থাকার আহবান জানিয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকালে সাভারের আশুলিয়ায় ডেন্ডাবর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ এ বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মঞ্জুরুল আলম রাজীব জানান, আজকের ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী সংসদ নির্বাচনে এর প্রভাব অনস্বীকার্য।
তবে আমি এই সম্মেলনের আয়োজকগণ এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ও যুগ্ম-আহবায়ক দ্বয়কে একটি ব্যাপারে সতর্ক থাকতে বলবো, তাহলো এই কমিটিতে যেন কোনোভাবেই কোনো হাইব্রিড আওয়ামীলীগার প্রবেশ করতে না পারে।
কারণ দলের দুঃসময়ে কিন্তু হাইব্রিড কোনো কাজে আসবে না। তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন আশাকরি। প্রয়োজনে একটু সময় নিয়ে হলেও কমিটি করেন।
ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেনজীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ, সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন,
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন।
এর আগে, জাতীয় সঙ্গীত এর সাথে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন হয়। পরে আমন্ত্রিত সকল অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। সম্মেলনে অনুষ্ঠানের বিশেষ বক্তা আলহাজ্ব বেনজীর আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রধান অতিথির বক্তব্য শেষে আগামী তিন বছরের জন্য ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আব্দুল লতিফ মন্ডল ও সাধারণ সম্পাদক হিসেবে মতিউর রহমান মতিন এর নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ।