মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে এক অটোরিকশা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের উল্টা পাড়া এলাকা থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার মেদুলিয়া (গালার পাড়) গ্রামের হানিফ আলীর ছেলে সেলিম (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত থেকে সেলিম নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়।
পরে (২৯ জানুয়ারি)শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের উল্টা পাড়া গ্রামের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা আক্তারের ডোবায় কচুরিপানার ভেতরে ভাসমান অবস্থায় সেলিমের অর্ধগলিত লাশ স্থানীয়রা দেখে থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধ গলিত লাশটি উদ্ধার করেন।
এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।