নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় পরম মমতায় পাঁচটি কুকুর পুষতেন শওকত হোসেন নামের এক ব্যক্তি। এই কুকুরগুলো এতটাই বিশ্বস্ত যে, বাড়ি থেকে গেল কয়েক বছরে কোন চুরির ঘটনা ঘটে নি।
বেশ কয়েকবার চুরি করতে এসেও ব্যর্থ হয় চোররা। তাই চুরি করার সুবিধার্থে বিষ প্রয়োগে এই ৫ কুকুরকেই হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৪ জানুয়ারি) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নলাম এলাকার শওকত হোসেনের পোষ্য কুকুরগুলো সকাল থেকে অসুস্থ হয়ে পড়ে।
এর আগে রাতেই একটি কুকুর মারা যায়। গত রাতে চুরি করতে অসুবিধা করায় খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বলে দাবি শওকত হোসেনের।
শওকত হোসেন বলেন, কুকুরগুলোর সাথে ছিলো আমার পুরো পরিবারের নিবির সম্পর্ক। এতদিন এই কুকুর গুলোই আমাদের বিভিন্ন সম্পদ রক্ষা করেছে।
আজ সব কুকুর গুলোকেই বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আমরা প্রতিদিন কুকুরগুলোকে খবার দিতাম। পোষা প্রাণীর মায়া কত এটা বোঝাতে পারবো না। বিষ প্রয়োগকারীরা যদি আমার সব কিছু চুরি করে নিতো তবুও এতোটা কষ্ট পেতাম না।
যতোটা কুকুর গুলোর মৃত্যুতে কষ্ট পেয়েছি। তবে কুকুর হত্যার দায়ে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতো আমি অবশ্যই পদক্ষেপ নিতাম। তবে এখন কোন পদক্ষেপ নিতে না পারলেই আল্লাহ তাদের ঠিকই বিচার করবেন।
বিষ প্রয়োগেই কুকুর গুলোর মৃত্যু হয়েছে নিশ্চিত হলেন কিভাবে এমন প্রশ্নের জবাবে শওকত হোসেন বলেন, আমরা যদিও কোন পরিক্ষা করি নি, কিন্তু রাতে কেউ কুকুর গুলোকে খাবার দিয়ে যায়।
সেই খাবার খেয়ে সকাল থেকে কুকুর গুলো একের পর একটি মারা যায়। আমরা ধারণা করছি বিষ প্রয়োগেই কুকুর গুলো মারা গেছে। ৫ টি কুকুরকেই আমরা বংশি নদীতে ফেলে দিয়েছি।