নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে চেক জালিয়াতির মামলায় পৌর মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহিমা আক্তারকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সাভারের রাজালেকের বিপরীত পাশ থেকে রাহিমাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আদালত।
গ্রেফতার রাহিমা সাভার পৌর মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাভারের ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ ও প্রতারনা মামলার প্রধান আসামি আল-আমিনের স্ত্রী। এর আগে আল-আমীনকেও একই ধরনের মামলায় গ্রেফতার করা হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রী বলেন, নামা গেন্ডা এলাকার শামীমার কাছ থেকে প্রায় ১৬ থেকে ১৭ লাখ ও বেঁদে পাড়া থেকে প্রায় ১৪ টাকা নিয়েছিল ঘর দেওয়ার কথা বলে। পরবর্তীতে ঘর কিংবা টাকা ফেরত দেয় নি। ভুক্তভোগীরা কোর্টে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলা করেছেন। এই মামলায় রাহিমাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কনকচাঁপা কনা বলেন, তিনি যদি অপরাধী হয়ে থাকেন
অবশ্যই শাস্তি পেতে হবে। দলের নাম ভেঙ্গে সাধারন মানুষকে ঠকানো মোটেও কাম্য নয়। তিনি সাবেক পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, আমরা আদালতের ওয়ারেন্ট পেয়ে আসামি রাহিমাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি। অবশেষে আজ দুপুরে সাভারের রাজালেকের বিপরীত পাশ থেকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা রয়েছে। সিআর মামলায় ওয়ারেন্ট ছিল তার বিরুদ্ধে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাইফুজ্জামান বলেন, অপরাধী অপরাধীই, তার আর কোন পরিচয় নাই। আমরা ওয়ারেন্টভুক্ত অপরাধী রাহিমাকে গ্রেফতার করেছি। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।