আশরাফুল আলম রাকিব :
শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি নামক স্থানে জয়নাল আবেদীন নামে এক দোকান ম্যানেজার দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
গতরাত পৌনে দশটার দিকে ওই এলাকার আব্দুল মোতালিব মোল্লার মালিকানাধীন ইমরান এন্টারপ্রাইজ নামক দোকানে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন (৫৫) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউখাইঘানা এলাকার মৃত এলাহী বক্স মুন্সির ছেলে। তিনি মাস্টারবাড়ি এলাকায় ভাড়া থেকে আব্দুল মোতালেব মোল্লার স্যানিটারীর দোকানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
দোকানের সিসি ক্যামেরা ও স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, রাত পৌনে দশটার দিকে এক যুবক ক্রেতা সেজে কিছু কেনার কথা বলে দোকানে ঢুকে। এসময় বাইরে কয়েকজন অপেক্ষা করতে থাকে। দোকানের মালিক না থাকায় একা একাই হিসাব-নিকাশ করছিলেন জয়নাল।
পরে মালামাল দেখার কথা বললে,জয়নাল ওই কাস্টমারকে দোকানের পেছনের দিকে নিয়ে যেতে থাকে। এসময় আকস্মিক ভাবে পেটের নিচের অংশে ছুরিকাঘাত শুরু করলে মাটিতে লুটিয়ে পড়ে জয়নাল।
পরে দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে ওই যুবক। এসময় পেটে ছুরিসহ কোনোমতে দোকানের সামনে বেড়িয়ে আসে জয়নাল।
পরে তার গোংরানির আওয়াজে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাওনার আলহেরা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে মারা যান জয়নাল
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান গণমাধ্যম কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।