আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

নির্বাচিত হয়ে ২৫০ ডেকচি বিরিয়ানি রান্না করে গণভোজের আয়োজন 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে নবনির্বাচিত চেয়ারম্যানের আয়োজনে গণভোজে প্রায় ২৭ হাজার নারী পুরুষ ও শিশু অংশগ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। গণভোজে ১০ টি গরু দিয়ে প্রায় ২৫০ ডেকচি বিরিয়ানি রান্না করা হয়।

শনিবার (১ জানুয়ারী) ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের দেপাশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বিশাল গণভোজের আয়োজন করেন নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধার আলহাজ্ব বেনজীর আহমেদ গণভোজের উদ্বোধন করেন।

তিনি বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আওলাদ ধামরাইয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অতিতে এতো মানুষের মিলনমেলা চোখে পড়ে নি। এধরনের আয়োজন কেউ করেছে বলে মনেও হয় না। যেখানে দলমত নির্বিশেষে মানুষ একত্রিত হয়ে জনসমুদ্রে পরিনত করেছেন।

চেয়ারম্যান হিসাবে নির্বাচন করে পরাজিত হয়ে মসজিদের টিন, রাস্তার ইট তুলে নিয়ে যাওয়ার মত ঘটনা রয়েছে। কিন্তু নির্বাচিত হয়ে ১০ গরু জবাই করে গণভোজের আয়োজন এটাই প্রথম বলে মনে করছেন ধামরাইবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, বিশাল এই আয়োজনে ১০ টি গরুতে প্রায় ৫০ জন কশাই, নারী-পুরুষ মিলিয়ে ৯০ জন বাবুর্চি অংশ গ্রহণ করে রান্নার কাজ করেন। দেপাশাই খেলার মাঠ ও ঈদগাহ মাঠে এক সাথে ৫ হাজার লোক বসে খায়ানোর ব্যবস্থা করা হয়। দুর থেকে আসা লোকজনের জন্য গাড়ির ব্যবস্থাও করা হয়েছিল এই আয়োজনে।

এলাকাবাসী বলেন, চেয়ারম্যান হিসাবে নয়, একজন মানুষ হিসাবে আওলাদ হোসেন একজন বড় মনের মানুষ। তাকে আমরা চেয়ারম্যান হিসাবে পেয়ে ধন্য। ধামরাইয়ে একসাথে এতো লোক কখনও খায় নি। সারা দেশেও খেয়েছে কিনা আমাদের সন্দেহ হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, কিছু ভোটের ব্যবধানে আমার বাবা অতিতে চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান। বাবার স্বপ্ন পূরণে নির্বাচনে অংশ গ্রহণ করে আমি নির্বাচিত হয়েছি। আর এই বিশাল জনতার ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাদের ভোটে যে সম্মান আমি পেয়েছি তাতে করে এই আয়োজন তাদের জন্য কিছুই না। তাদের কাছে আমি চির ঋনিই থাকবো। আমি আমার ইউনিয়নের এমন উন্নয়ন করতে চাই যেন তা কয়েক প্রজন্মের মুখে মুখে দীর্ঘদিন থাকে। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন, ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, পৌর কাউন্সিলর, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ