মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাথালিয়া এলাকায় এক কৃষকের জমি থেকে প্রায় ২০লাখ টাকা মূল্যের গজারি গাছ কেটে নিয়ে গেছে এলাকার একটি প্রভাবশালী চক্র। এ ঘটনায় জমির মালিক নূরুল ইসলাম কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জাথালিয়া এলাকার আশ্রাব আলীর ছেলে আলাল সিকদারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে নূরুল ইসলাম গাজীপুর কোর্টে একটি মামলা দায়ের করেন।
পরে ওই মামলার তদন্ত সাপেক্ষে কালিয়াকৈর থানার এস আই শাহ কামাল নূরুল ইসলামের পক্ষে প্রতিবেদন দেয়। এসব ঘটনার পর থেকে আলাল সিকদারের একটি গ্রুপ নানা ভাবে ওই জমির মালিককে ভয়ভীতি দেখায়।
সোমবার দিনে ওই জমি থেকে আলাল সিকদার তার ভাড়াটে লোকজন নিয়ে ওই জমি থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের গজারি গাছ কেটে নিয়ে যায়। গজারি গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি নেয়নি বলেও জানিয়েছে জাথালিয়া বিট কর্মকর্তা এমদাদ হোসেন।
গাছ চুরির ঘটনায় জমির মালিক নূরুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন। আলাল সিকদারের মঠোফোনে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, এ ঘটনায় একটি অভিযোগ হয়েছে, তদন্ত চলছে।