নিজস্ব প্রতিবেদক :
সাভারে ডিস ব্যবসায়ীকে হত্যা চেষ্টা ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৫ সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
শনিবার (৪ ডিসিম্বর) দুপুরে অন্যান্য আসামির সাথে প্রীজন ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়। আসামিরা সবাই সন্ত্রাসী কার্যক্রমের সাথে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানা গেছে।
গ্রেফতাররা হলেন- সাভারের আইচানৌদ্দা এলাকার মৃত জাকারিয়ার ছেলে ইউনুস পারভেজ (৩৯), চান মিয়ার ছেলে রাজিব শেখ (৩০), নিয়ামতের ছেলে উজ্জল শেখ (৩৫), মীর হোসেনের ছেলে খোরশেদ আলম (৪০) ও আব্দুর সাত্তারের ছেলে আবুল কালাম আজাদ (৩৮)।
ভুক্তভোগী হলেন একই এলাকার ডিস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। তিনি দীর্ঘ ২২ বছর ধরে ওই এলাকায় ডিসের ব্যবসা করে আসছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২ ডিসেম্বর রাত ১ টার দিকে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ডিস লাইনের ক্যাবল কেটে ব্যবসা দখলের চেষ্টা করেন ইউনুস পারভেজ। পরে জাহাঙ্গীর আলম বাসা থেকে বের হলে বিদেশী পিস্তল দিয়ে হত্যা চেষ্টা করেন। পরে তিনি র্যাব-৪ কে জানালে সাভারের আইচানৌদ্দা এলাকার জলিল টাওয়ারের নিচ তলায় ইউনুস পারভেজের অফিসে অভিযান চালান। এসময় ৫ জনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে গতকাল সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করে র্যাব-৪। আজ তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল বলেন, আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ইউনুস পারভেজের বিরুদ্ধেই ৯ টি মামলা রয়েছে।