মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের নিকটে থাকা ধারালো দুটি দা, একটি ছুরি ও ৩টি রশি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- পঞ্চগড়ের দেবীধস থানার শান্তিনগর নতুনপাড়া এলাকার মো. হানিফ আলীর ছেলে মো. রুহুল আমিন (২৮), সিরাজগঞ্জের শাহাজাতপুর থানার পুকুরপাড় এলাকার আ. মজিবের ছেলে দেলোয়ার (৩৭) ও গাজীপুরের কালিয়াকৈর থানার কালামপুর এলাকার চান মিয়ার ছেলে মো. সেলিম (২৭)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাছের আড়তের পাশে জঙ্গলের ভেতর ডাকাত দলের ১০/১২ সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের সদস্য রুহুল আমিন, দেলোয়ার ও সেলিমকে আটক করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের বাকি সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গ্রেফতার তিন ডাকাত সদস্যের কাছ থেকে ধারালো দুটি দা, একটি ছুরি ও ৩টি রশি উদ্ধার করা হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) শুকান্ত বিশ্বাস জানান, ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।