আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ফুঁ দিয়ে গাছে উঠাইয়া দিবো সাংবাদিককে মেয়রের হুমকি

নিজস্ব প্রতিবেদক :

সংবাদ প্রকাশ করায় সাভারের এক সাংবাদিককে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির। ওই সাংবাদিককে ফুঁ দিয়ে গাছের ওপরে তোলার হুমকিও দেন তিনি। এছাড়া একটি রেকর্ডে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।

মঙ্গলবার (২ নভেম্বর) রাত ১১ টার দিকে মেয়রের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের একটি অডিও আসে কাছে। যেখানে মেয়র উত্তেজিত হয়ে ওই সাংবাদিককে ঢাকা তথা দেশ ছাড়া হুমকিসহ ফুঁ দিয়ে গাছে তোলার হুমকি দিতে শোনা যায়।

ভুক্তভোগী সাংবাদিককে বসুন্ধরা গ্রুপের ডেইলি সান ইংরেজি পত্রিকার সাভার প্রতিনিধি হিসাবে পরিচয় দিতে শোনা যায়। এছাড়া তিনি স্থানীয় একটি অনলাইন পত্রিকায় সাভার প্রতিনিধি হিসাবে কাজ করেন বলে জানা গেছে।

অডিও ক্লিপে ওই সাংবাদিককে বলতে শোনা যায়, আপনি রাগ করেছেন আমি কিছু মনে করেছি? এসময় মেয়র গোলাম কবির বলেন, ‘আমরাও করবা পারি মেলা কিছু বুচ্ছ, তোমার মত সাংবাদিককে ফু দিমু, ফু দিয়ে গাছের উপরে উঠায়া ফালামু।

এটা পারি করি না। ওই ন্যাচার নাই আমাগো। পেট চালাতে গিয়া মানুষের …. মারা লাগে না, মানুষের ভালবাসা লাগে। তুমি কোন জায়গার সাংবাদিক, তোমার কার্ড আছে নাকি। এখন সব কিছুই কিন্তু পাওয়া যায়।

এসময় ওই সাংবাদিককে বলতে শোনা যায়, আমি বসুন্ধরা গ্রুপের ডেইলি সান পত্রিকার সাভার প্রতিনিধি। আমাকে ২ নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা তুলে ধরতে বলেছে কাউন্সিলর। আমি না হয় তুলে ধরেছি।

মেয়র রাগান্বিত হয়ে বলেন, তুমি সাভারে যাও, সাভারে গিয়ে তোমার ক্ষমতা দেখাও। আমার ধামরাই পৌরসভার চেয়ে তো সাভার পৌরসভার অবস্থা খারাপ। তুমি ধামরাইয়ের আর একটা নিউজ করো।

দেশের যেখানে থাকো সেখান থেকেই ধরে নিয়ে আসমু। ঢাকা শহরে থাকতে দিমু না কয়ে দিলাম আমি। দেশে থাকবার দিমু না। তুই আর একটা নিউজ করে দেখ, তুই দেশে থাকবার পারোস নাকি। হয় তুই থাকবি না হয় আমি থাকবো। বাংলাদেশের যে কোন প্রান্তে থাক, শু…… বাচ্চা। আর একটা নিউজ কর, দেখ আমি কি করতে পারি।

এব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হাসান মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা গত ৩১ অক্টোবর আনুমানিক বেলা সাড়ে ১১ টার ঘটনা। গত প্রায় ১৫ থেকে ২০ দিন আগে একটা নিউজ করেছিলাম। ধামরাইয়ের পৌরসভার ২ নং ও ৬ নং ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে। পরে মনঃক্ষুণ্ন হয়ে আমাকে অকথ্য ভাষায় কথাবার্তা বলেছেন।

ওনার পৌরসভার অফিসে বক্তব্য নিতে গেলে তিনি এই আচরণ করেন। অফিস ভরা লোকজনের মধ্যে আমাকে অনেক বড় বড় কথা তিনি বলেছেন। তিনি বলেন, এব্যাপারে আমি অফিসে কথা বলেছি। তারা সব ধরনের সহযোগিতা করতে চেয়েছেন। এ ব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরি করবেন বলেও জানান।

এব্যাপারে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, ওরে (সাংবাদিককে) আমি ডাকিওনি কিছু করিও নি। ওরে করোনার সময় কতো সহযোগিতা করেছি, সংসারটা পর্যন্ত আমি চালাইছি। পৌরসভার একটা রাস্তা নিয়ে নিউজ করেছিল।

ভুক্তভোগী সাংবাদিককে লক্ষ্য করে বলেন, তুমি মিয়া ওইটা (নিউজ) করবা আমারে জিজ্ঞেস করতা। আমার কোন জায়গায় আমি ফল্টের কাজ করি না। আমি কোন দুই নম্বরি পছন্দও করি না, দুই নম্বরি করিও না। ওকে পাঠিয়ে দিয়েন, একটু রাগ হইছিল, আবার ঠিক হয়ে যাবে।

প্রসঙ্গত, এর আগেও তিনি প্রশিক্ষণ ছাড়াই করোনার ভ্যাক্সিন পুশ করেন। এতে করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ