নিজস্ব প্রতিবেদক :
ঢাকা ধামরাইয়ে অনুমোদনহীন নকল শিশু খাদ্য তৈরির অপরাধে নিউ ফরসা ফুড ও বেভারীজ কোম্পানীকে ৬ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত। এসময় প্রায় ১০ লক্ষ টাকার নকল শিশু খাদ্য ধ্বংস করা হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি -২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে গত মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামে এই অভিযান চালায় র্যাব-৪।
র্যাব-৪ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এবং বিএসটিআই প্রতিনিধি সিকান্দার মাহমুদ এর নেতৃত্বে গত মঙ্গলবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কেলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশ,
অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য তৈরির অপরাধে নিউ ফরসা ফুড এন্ড বেভারীজ এর ম্যানেজার ও অপারেটরকে মোট ৬ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। এসময় আরো প্রায় ১০ লক্ষ টাকার নকল শিশু খাদ্য
জব্দ করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা ধ্বংসও করা হয়।
নিউ ফরসা ফুড এন্ড বেভারীজ এর ম্যানেজার বিশ্বজিৎ মল্লিক (৩০), জেলা-বরিশাল’কে নগদ ৩ লক্ষ টাকা এবং নিউ ফরসা ফুড এন্ড বেভারীজ এর অপারেটর মোঃ হযরত আলী (২৬) কে নগদ ৩ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।
র্যাব-৪, সিপিসি -২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল খাদ্যে তৈরির প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
এর পূর্বেও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক এই কারখানায় অভিযান চালিয়ে মালিককে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন এবং কারখানাটি সিলগালা করে দেন।