আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

জনৈক রিপন কর্তৃক ফরিদগঞ্জে এক গৃহবধূ রক্তাক্ত জখম

কে এম নজরুল ইসলাম :
রিপন (৩০) নামের একজন পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করেছে রেহানা বেগম (২৫) নামের এক গৃহবধূকে।
ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের পাড়া গাব্দেরগাঁও গ্রামের ফতেহ আলী বেপারী বাড়ির রুহুল আমিনের ছেলে রিপন একই বাড়ির ওমর ফারুকের স্ত্রী রেহানাকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। রেহানা ২ সন্তানের জননী। তার স্বামী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে।
রেহানা ও তার পরিবারের লোকজন জানায়, গত ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় রিপন বেপারী লোহার রড হাতে নিয়ে রেহানা বেগমের ঘরে ঢুকে তার বুকে, পিঠে, হাতে, পায়ে ও মাথায় এলোপাথাড়ি পিটিয়ে মুহূর্তেই রক্তাক্ত জখম করে ফেলে।
এ সময় রিপনের ভয়ে কেউ রেহানাকে রক্ষা করার জন্য এগিয়ে আসার সাহস পায়নি। রেহানা বেগম বলেন, ‘সে আমাকে মেরে জখম করে চলে যাওয়ার পরে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়। লম্পট রিপন আমাকে ইতোপূর্বে একাধিকবার উত্ত্যক্ত  করায় আমি নিরুপায় হয়ে তাকে বললাম এ বিষয়ে লোকজনকে জানাবো। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে আমাকে মেরেছে।
একই কায়দায় সে আরও অনেক মহিলাকে উত্ত্যক্ত করে আসছিল। আমাকে ফোন দিয়েছে তার ঘরে যেতে, আমি তা আমার স্বামীর নিকট বললে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তার ভয়ে কেউ মুখ খুলছিল না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচারের পাশাপাশি লম্পট রিপনের কঠোর শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে অভিযুক্ত রিপন বলেন, ‘আমি তাকে ধর্ষণের চেষ্টা করিনি। আমার স্ত্রীর কাছে আমার বিরুদ্ধে সে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আমার স্ত্রী তাকে পাইপ দিয়ে পিটিয়েছে। আমার স্ত্রীর কাছে সে বলেছে আমি নাকি তাকে জোর করে জড়িয়ে ধরে টানাহ্যাঁচড়া করেছি।’
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার লিটন বলেন, এ বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে। আমি বলেছি আইনের আশ্রয় নিতে। কেননা বিষয়টি জটিল।
ইউনিয়ন চেয়ারম্যান মো. ওমর ফারুক প্রথমে বলেন, ‘আমাকে ঘটনার বিষয় কেউ জানায়নি।’ পরবর্তীতে তিনি বলেন, ‘আমায় ওয়ার্ড মেম্বার জানিয়েছিল; তবে গৃহবধূর পক্ষ থেকে কেউ জানায়নি।’
এ বিষয়ে রেহানার বড় ভাই মো. নাজিমউদ্দিন মিজি জানান, ‘আমি প্রথমে চেয়ারম্যান ওমর ফারুকের নিকট বিচার চাইতে গেলে সে বলে আইনের আশ্রয় নিতে। বিষয়টি নারী সংক্রান্ত ঘটনা তাই। আমরা নিরুপায় হয়ে কোর্টের শরণাপন্ন হলাম। আমরা লম্পট রিপনের শাস্তির দাবিতে কোর্টে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। রিপন ইতোপূর্বেও একাধিকবার আমার বোনকে উত্ত্যক্ত করেছে। এবার আর ছাড় দেওয়া যাবে না। তাকে উচিত শিক্ষা দিতে হবে।’
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ‘আমার কাছে এখনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ