কে এম নজরুল ইসলাম :
গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারীরা অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে সেবা প্রদান করছেন। কমিউনিটি ক্লিনিকে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা দেশের তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবায় পিছিয়ে নেই ফরিদগঞ্জ উপজেলাও। বর্তমানে ফরিদগঞ্জে ৩৯টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। যারমধ্যে বর্তমানে ৩৭টি সিসিতে কার্যক্রম চলমান আর বাকী দুটির ১টি চালু হবে অচিরেই।
৩৯টি কমিউনিটি ক্লিনিক (সিসি) রয়েছে যেখানে যেখানে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে ৩টি, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে ৫টি (যারমধ্যে কৃষ্ণপুর নামক একটি সিসি মডেল হিসেবে মর্যাদা প্রাপ্ত), ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে ২টি, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে ২টি, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে ৩টি, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে ২টি, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে ২টি (যার ১টি কাঁশারা কমিউনিটি ক্লিনিক নির্মাণাধীন), ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে ৩টি, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ২টি, ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে ২টি, ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে ২টিটি, ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে ১টি (এটি যদিও বর্তমানে কার্যক্রম স্থগিত আছে যা অচিরেই চালু হবে বলে জানা গেছে), ১৩নং ফরিদগঞ্জ উত্তর ইউনিয়নে ৩টি, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে ৩টি, ১৫নং রূপসা উত্তর ইউনিয়নে ২টি ও ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নে ২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে; আর ১টি ক্লিনিক নির্মাণাধীন।
প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য অধিদপ্তরের একজন মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা অধিদপ্তদেরর একজন পরিবারকল্যাণ সহকারী নিয়োজিত আছেন।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হলেন সিসির মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সিএইচসিপি সপ্তাহের শুক্রবার বাদে বাকি ৬ দিন সিসিতে তার দায়িত্ব পালন করে থাকেন। স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী প্রতি সিসিতে মাঝেমধ্যে মাঠপর্যায়ে তাদের দায়িত্ব পালন করেন।
এছাড়াও প্রতিটি এমবিবিএস বরাবর ২ বছর গ্রামে স্বাস্থ্য সেবা দিতে হবে সরকারের সে নীতিতে প্রতিটি সিসিতে একজন এমবিবিএস সপ্তাহে ১ দিন স্বাস্থ্য সেবা দেয়ার কথা থাকলেও উপজেলার সিসিতে সে পোস্ট খালি পড়ে আছে। কোনো কোনো সিসিতে গত ২ বছরেও দেখা মেলেনি কোনো এমবিবিএস ডাক্তারের। বর্তমানে সাধারণ রোগের চিকিৎসা নিতে এসব সিসিগুলোতে দৈনিক ৩০ থেকে ৩৫ জন রোগী আসে। রোগীদের ভেতর মহিলা ও শিশুর সংখ্যা বেশি।
চরমথুরা কমিউনিটি ক্লিনিকের এমএইচবি (মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার) মো. ইয়াছিন আরাফাত বলেন, ‘সরকার গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা জন্য খুবই তৎপর। সেবার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে বাংলাদেশ সরকার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৭ জন করে হেলথ ভলান্টিয়ারের কর্মের সুযোগ রেখেছেন। বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের দ্বারে সেবা পৌঁছে দিচ্ছি আমরা।’
৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকের (সিএইচসিপি) মাহমুদুল হাসান বলেন, ‘আমার সিসিতে দৈনিক যে সমস্ত রোগী আসে তাদের অধিকাংশই নারী ও শিশু। পুরুষ রোগীও আসে, তবে তাদের সংখ্যা একেবারেই কম। আমরা এখানে আগত আমাদের রোগীদের যথাসাধ্য চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি। কমিউনিটি ক্লিনিক থেকে ২৮ প্রকার ঔষধ বিনামূল্যে রোগীদের প্রয়োজন অনুযায়ী দেওয়া হয়।’
কমিউনিটি ক্লিনিক থেকে জনসাধারণকে কোন ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হয়– এমন প্রশ্নের জবাবে এ সিএইচসিপি বলেন, ‘উল্লেখযোগ্য স্বাস্থ্য সেবার মধ্যে রয়েছে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, সাধারণ রোগের চিকিৎসা যেমন: জ্বর, সর্দি-কাঁশি, সাধারণ জখম, ডায়রিয়া, নিউমোনিয়া ইত্যাদির লক্ষণ দেখে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং জনসাধারণকে কাউন্সিলিং।’
১৪নং ফরিদগঞ্জ দক্ষিণের হর্নি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তাহমিনা সুলতানার সঙ্গে ফোনে কথা হলে তিনিও উপরোক্ত কথাগুলোই বলেন। তিনি আরও জানান যে, প্রত্যেক কমিউনিটি ক্লিনিকে ৭ জন করে কমিউনিটি ভলান্টিয়ার আছে। যারা বিভিন্ন সরকারি কাজেকর্মে জনগণের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে থাকেন।
২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর মডেল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. হাবিবুর রহমানের সঙ্গে দায়িত্ব বণ্টন ও পদপদবি প্রসঙ্গে কথা হলে তিনি জানান, ‘সিসিতে কর্মরত প্রত্যেকেই একে অপরের সহযোগী, কেউ কারো আন্ডারে নয়। সবাই পদপদবিতে সমান। তবে সিসির দায়িত্ব একজন সিএইচসিপির ওপর এটা ঠিক আছে। আর আমাদের কৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকটি লেটেস্ট মডেল কমিউনিটি ক্লিনিক হিসেবে মর্যাদা পেয়েছে। আমরা চেষ্টা করি রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করতে।’
কমিউনিটি ক্লিনিকের নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে ডায়রিয়া হলে ওরস্যালাইন দেওয়া অথবা বাড়িতে তাৎক্ষণিক কীভাবে ওরস্যালাইন তৈরি করতে হয় সে সম্পর্কে জনসাধারণকে ধারনা দেওয়া, রক্তচাপ মাপা, সুগার টেস্ট, সাধারণ জ্বর, সর্দি কাঁশি, মাথাব্যথা, চোখ ওঠা, খোশ পাঁচড়া, গর্ভবতী নারীদের ফলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট ইত্যাদি প্রদান করা।
তবে সরঞ্জামের অভাবে এর সবগুলো সেবা জনসাধারণ পায় না। আগেরকার সময়ের অনেক বড় রোগ যেমন: কলেরা, বসন্ত মহামারি এখন তেমন একটা দেখা যায় না। কিন্তু ডায়াবেটিস, ব্লাড প্রেশারসহ অনেক রোগ দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। গ্রামের মানুষরাও এসব নিত্যরোগে ভুগছে। এসব রোগের যন্ত্রপাতি পর্যাপ্ত পরিমাণে নেই সকল কমিউনিটি ক্লিনিকে।
এ বিষয়ে জানতে চাইলে সিসির কর্তব্যরতরা জানান, এসব প্রয়োজনীয় সরঞ্জাম একবার নষ্ট হয়ে গেলে পুনরায় তাদের সরবরাহ করতে করতে অনেক দেরি করে ফেলে কর্তৃপক্ষ। যার কারণে ইচ্ছা থাকা স্বত্বেও এসকল প্রয়োজনীয় সেবা সবসময় তারা জনসাধারণকে দিতে পারছে না। এজন্য কর্তৃপক্ষকে আরও আন্তরিক ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন সিসির দায়িত্বপ্রাপ্তরা।
উপজেলার গ্রামগুলোতে অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এদের উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ-সুবিধা একেবারেই কম। কমিউনিটি ক্লিনিক এসব মানুষদের স্বাস্থ্যসেবায় ব্যাপক সহযোগিতা করছে। প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ায়ও কার্যক্রম বন্ধ থাকে না এসব কমিউনিটি ক্লিনিকগুলোতে। এ সময়গুলোতে ডায়রিয়া মারাত্মক আকার ধারণ করে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হয়।
এমন জরুরি মুহূর্তে বাড়ির পাশের কমিউনিটি ক্লিনিকগুলো একান্ত ভরসা হয়ে দাঁড়ায়। কেননা স্বাস্থ্যকেন্দ্রগুলোই গরীব মানুষের একমাত্র ভরসা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের পরেই কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রগুলোই গরীব মানুষের স্বাস্থ্যসেবার আশ্রয়স্থল। নানা সীমাবদ্ধতার মধ্যেও কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামের দরিদ্র মানুষদের অনেক ধরনের সেবা দেওয়া হয়। বিশেষ করে মা ও শিশুরা এখান থেকে তাদের প্রয়োজনীয় সেবা পেয়ে থাকেন। মায়েদের গুরুত্বপূর্ণ দুটো সেবা হলো গর্ভ-পূর্ববতী ও পরবর্তী সেবা। এ সেবার জন্য গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিকের কোনো বিকল্প নেই।
১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. রিয়াদ হোসেন জানান, তার অধীনের ক্লিনিকে রোগীর সংখ্যা প্রচুর। নিয়মিত প্রতিদিনই গড়ে ৪০/৪৫ জন রোগী আসেন। নারী পুরুষ ও কিশোর বয়সীরাও ঔষধের জন্য এখানে আসেন।
তিনি আরও জানান যে, এই ওয়ার্ডের বাইরে দূরদূরান্ত থেকে রোগী এলেও তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে আমরা পিছপা হই না। জ্বর, সর্দি, কাঁশি, চুলকানি, পাতলা পায়খানা, পেটে ব্যথা সহকারে নানারকম রোগের জন্য রোগীরা ঔষধ নিতে এখানে আসেন। যার বিনিময়ে আমরা কোনো ফি রাখি না।
কমিউনিটি ক্লিনিকের একজন স্বাস্থ্য সহকারী বলেন, ইপিআই কার্যক্রমের আওতায় আমরা মহিলা ও শিশুদের প্রতিষেধক টিকা প্রদান করি। এছাড়াও ৫ বছরের নিচের বাচ্চাদের পোলিও ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করি।
গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সচেতন নাগরিক হাজী আবুল কালাম আজাদ রাড়ি বলেন, আগে গ্রামের দরিদ্র মানুষ চিকিৎসাসেবা নিতে চাইতো না। তারা প্রথমদিকে কোনো অসুখকেই গুরুত্ব দিতো না। যার ফলে তাদের অবস্থার মারাত্মক অবনতি ঘটতো। অধিকাংশ সময় তার নিরুপায় হয়ে হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে ভুল চিকিৎসার শিকার হতো।
এখন সে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। গ্রামের মানুষ এখন নিজেই তার প্রয়োজনে কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসে। অবস্থা বিবেচনা করে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। যার দরুন সাধারণ মানুষ এখন যথাযথ চিকিৎসা পাচ্ছে। আর চরমথুরা গ্রামে অবস্থিত ক্লিনিকের স্থান নির্ধারণ করার বিষয়ে আমাদের অনেকেই শ্রম ঘাম ঝরিয়েছিলাম। চেয়েছিলাম এখানে সুন্দর কিছু স্থাপিত হোক।
কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা গৃহবধু নির্মলা দাস বলেন, দুদিন যাবত জ্বর ও কাঁশিতে কষ্ট পাচ্ছিলাম। ক্লিনিক থেকে বিনামূল্যে ঔষধ নিয়ে যাচ্ছি। আমি ও আমার পরিবারের সদস্যরা সাধারণ রোগের জন্য কমিউনিটি ক্লিনিক থেকেই চিকিৎসা নিই।
তবে গতমাসে আমার ছেলের প্রচণ্ড জ্বর ছিল। খুব আশা নিয়ে ক্লিনিকে এলেও আশাহত ছিলাম। জ্বরের মূল ঔষধ প্যারাসিটামলই তাদের কাছে নেই বললেন স্বাস্থ্য আপা। শুনলাম কয়েকমাস ধরেই নাকি ঔষধ আসছে না। করোনাকালীন এ সময়ে কমিউনিটি ক্লিনিকের ঔষধশূন্যতা গ্রহনযোগ্য না।
ষাটোর্ধ্ব সাবেক মেম্বার আশু রাড়ি বলেন, চরমথুরা কমিউনিটি ক্লিনিক থেকে আমি একবার চিকিৎসা সেবা গ্রহণ করেছিলাম। এলার্জি ও ভিটামিন আয়রনের ঔষধ দিয়েছিল আমাকে। আমার মতো এমন অনেকেই ক্লিনিক থেকে বিনামূল্যে সেবা পাচ্ছে। সরকারের এমন উন্নয়ন গ্রামেগঞ্জে আরও ছড়িয়ে পড়ুক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী বলেন, ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই সরকার এই কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। বর্তমানে আমাদের ফরিদগঞ্জে ৩৯টি সিসি রয়েছে। যারমধ্যে ৩৭টি সচল সিসির মাধ্যমে ফরিদগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবার আওতায় আনতে পেরেছি। বাকী ২টি সিসির ঔষধপত্র ও সরঞ্জামাদির কাজ সম্পন্ন হলেই কার্যক্রম শুরু হয়ে যাবে।
আরও ১টি নির্মাণাধীন রয়েছে। দেখা গেছে নানারকম জটিল ও সংক্রামক রোগের ক্ষেত্রে সিসির দায়িত্বরতরা সেসব রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করে থাকেন।’
কথা প্রসঙ্গে তিনি আরও জানান যে, ‘বর্তমান সময়ে সারাবিশ্বে নন-কমিউনিক্যাবল ডিজিজে মানুষ সবচেয়ে বেশি মারা যাচ্ছে। ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার জাতীয় রোগগুলি কিন্তু ছোঁয়াচে নয়; কিন্তু এইসব রোগেই এখন মানুষ মারা যাচ্ছে সবচেয়ে বেশি। কমিউনিটি ক্লিনিকে এসব রোগের চিকিৎসা পরামর্শের সুযোগ রয়েছে।’