ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
ফরিদগঞ্জ পুলিশের সফলতায় এটি একটি মাইলফলক এবং দৃষ্টান্ত হিসেবে লিপিবদ্ধ হলো। ঘটনার প্রায় ৩ মাসের মাথায় ছিনতাইকৃত ল্যাপটপটি উদ্ধার করা হয়।
৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে থানা চত্বরে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্য প্রধান করেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সোহেল মাহমুদ।
গত ৩১ মে সোমবার রাত ৯টায় সাংবাদিক ও লেখক নূরুল ইসলাম ফরহাদ বাড়ি ফেরার পথে পৌর এলাকার কামিনি ডাক্তারের ব্রিজের উপর একটি প্রাইভেটকার নিয়ে ৩ জন ছিনতাইকারী তার কাছ থাকা ল্যাপটপ, মোবাইল, নগদ টাকাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পরদিন নূরুল ইসলাম ফরহাদ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও গ্রামের শেফালি বেগম ও নুসরাত জাহান ফারিসাকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জানায়, পাশ্ববর্তী বাড়ির মুক্তিযোদ্ধা হাজী শামসুন নূর পাটোয়ারীর ছেলে মো. রফিকুল ইসলাম রবিন (২৭)-এর কাছ থেকে মোবাইলটি ক্রয় করতে ডিভাইস চেকিং করার কথা জানায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া তাৎক্ষণিকভাবে আসামী রবিনকে গ্রেফতারের চেষ্টায় অভিযান পরিচালনা করতে গিয়ে জানতে পারেন রামগঞ্জ থানায় একটি ডাকাতি মামলায় ইতোমধ্যে রামগঞ্জ থানার পুলিশ রবিন ও তার ৪ জন সহযোগীকে
লক্ষ্মীপুর জেলহাজতে প্রেরণ করেছে। পরে তিনি বিজ্ঞ আদালতে অত্র মামলায় আসামীদের শোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ড আবেদন করেন।
আদালত আসামীদের ৩ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করলে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার আসামীদের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে রবিনের স্বীকারোক্তি অনুযায়ী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও এলাকা থেকে তাজুল ইসলামের ছেলে ফাহিমকে (১৯) ল্যাপটপসহ আটক করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত প্রাইভেটকার ঢাকা মেট্রো-ন ১১-২৩৪৪ গাড়িটিও উদ্ধার করে পুলিশ।
এসময় প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত মো. বাহার মিয়া ও ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
কেএমএন/আগামীর সংবাদ