আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পাথরঘাটায় বাড়ছে শিশু রোগ, সাবধানে থাকার পরামর্শ চিকিৎসকদের

তাওহীদু ইসলাম, পাথরঘাটা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় হঠাৎ করে বেড়েছে শিশু রোগের আক্রান্তদের সংখ্যা। গত এক সপ্তাহে পাথরঘাটা উপজেলা কমপ্লেক্সের বহির্বিভাগ ও আন্তঃবিভাগে প্রায় চার শতাধিক শিশু চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে সকলেই শ্বাসকষ্ট ও কাশি নিয়ে চিকিৎসা নিয়ে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খালেদ মাহমুদ আরিফ।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রেজিস্টার থেকে জানা যায় গত এক সপ্তাহে প্রায় সাড়ে তিন শতাধিক শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয় চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ৫০ জনের বেশি। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায় ১৫ জনের অধিক শিশু ভর্তি রয়েছে এ স্বাস্থ্য কমপ্লেক্সে। এদের মধ্যে সকলেই জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে ভর্তি হয়েছে।

উপজেলার সদর ইউনিয়ন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আসমা বেগম জানান, তার দু’মাস বয়সী ছেলে তামিম প্রায় সাত-আট দিন ধরে শ্বাসকষ্টে ভুগছে। তাকে গত দুদিন আগে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। পূর্ব কালমেঘা ইউনিয়ন থেকে আসা সাত মাস বয়সী তাইয়্যেবার মা হাসি বেগম, পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে ৪ বছরের শিশু মায়াজের মা মর্জিনা বেগমও জানান একই কথা। তারা বলছেন আগে কখনও তাদের সন্তানদের এ রোগের কোন লক্ষণ দেখা যায়নি। হঠাৎ করেই জ্বর হয়ে শ্বাসকষ্ট ও কাশি দেখা দিয়েছে। একারণে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করেছেন। সন্তানদের শ্বাসকষ্ট দেখা দিলে অক্সিজেনের সাপোর্ট দিয়ে সুস্থ করতে হয় বলেও জানান তারা।

হাসপাতালে শিশু ওয়ার্ড না থাকায় ১১ মাসের শিশু জুই কে প্রতিদিন বাড়ি থেকে হাসপাতালে এনে চিকিৎসা দিচ্ছেন বাবা জাকির ডাকুয়া। তিনি জানান তিন লাখ মানুষের জন্য সেবার একটিমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে নেই থাকার কোন সুষ্ঠু পরিবেশ। নেই কোন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। অপরদিকে প্রয়োজনের তুলনায় চিকিৎসক সংকট থাকায় চিকিৎসা সেবা নিতে এসে ও অনেক বেগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন জাকির ডাকুয়া।

পাথরঘাটা উপজেলা (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার খালিদ মাহমুদ আরিফ আজকের পত্রিকাকে জানান বেশ কয়েকদিন ধরে শিশু রোগীর সংখ্যা বেড়ে গেছে এ উপজেলায়। এদের মধ্যে বেশির ভাগই সিজনাল ফ্লুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে এতে অভিভাবকদের সতর্ক থাকার বিকল্প নেই। গত এক সপ্তাহে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫০ জনের বেশি শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানান তিনি।

হাসপাতালে চিকিৎসক সংকটের কারণ জানতে চাইলে তিনি জানান, করোনা কালিন সময়ে সারাদেশেই এ সমস্যা হচ্ছে। তবে এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ